ঢাকা-১০
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ১৩:১৩ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪ ১৩:২৫ পিএম
ভোটারশূন্য রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র। ৭ জানুয়ারি বেলা ১১টার দিকে তোলা। প্রবা ফটো
ঢাকার সংসদীয় আসন-১০-এর চারটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হওয়ার প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ২৪২টি। ধানমন্ডি-নিউমার্কেট-কলাবাগান-হাজারীবাগ থানার সমন্বয়ে গঠিত ঢাকা-১০-এর সিটি কলেজ, আইডিয়াল কলেজ, রাজমশুরি বিদ্যালয়, রায়ের বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটের এ চিত্র পাওয়া গেছে।
এর মধ্যে সিটি কলেজে ৫০, আইডিয়াল কলেজে ৭৮, রাজমশুরি বিদ্যালয়ে ৫৬ এবং রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ে ৫৮টি ভোট পড়েছে।
সকালে কেন্দ্রগুলোয় উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের আনাগোনা বাড়তে দেখা গেছে।
ভোট দিতে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন স্থপতি ইকবাল হায়দার। সত্তর বছর বয়সি ইকবাল জানান, বিদেশ থেকে ভোট দিতে এসেছেন। কখনও ভোট মিস করেননি। সঙ্গে ভোট দিতে এসেছেন তার স্ত্রী দিলরুবা হায়দার।
নিজের অনূভুতি বলতে গিয়ে দিলরুবা হায়দার বলেন, ‘একটুর জন্য প্রধানমন্ত্রীকে পাইনি। শুনেছি তিনিও এখানেই ভোট দিতে এসেছিলেন। চেষ্টা করেছি সকাল সকাল আসতে।’ ভোটের দিন সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে কথা হয় এ দম্পতির সঙ্গে।
একই কেন্দ্রে জীবনে প্রথমবার ভোট দিতে এসেছিলেন সনিয়া আক্তার। তিনি বলেন, ‘এ বছরই ভোটার হয়েছি। প্রথমে নার্ভাস ছিলাম। কিন্তু এক্সাইটমেন্ট অনেক ছিল। নিজের ভোটটা নিজের দেওয়া উচিত বলে মনে করি।’
সপরিবার ভোট দিতে আইডিয়াল কলেজে এসেছিলেন হোসনে আরা বেগম। এবার নিয়ে কতবার ভোট দিচ্ছেন জানতে চাইলে বলেন, ‘১৯৯৬ সাল থেকে দিয়ে যাচ্ছি, হিসাব করিনি। নিরাপদে আসতে পারব কি না এসব নিয়ে অনেকেই কথা বলেছেন। তবে আমি ভোট দিতে এসেছি।’
হোসনে আরার নাতনি দিলরুবা আলীম দিনা। এ বছরই প্রথম ভোট দিচ্ছেন। তিনি জানান, ‘ভোট দেওয়ার অনেক ইচ্ছে ছিল। সেই ইচ্ছে পূরণ হলো। অনুভূতি প্রকাশ করার মতো না।’
ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান। ভোট দিয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত সবকিছু ভালো আছে। আমি কিছুক্ষণ আগে ভোট দিয়েছি। বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে ছিলাম। ভীতি নেই, শঙ্কার কোনো কারণ নেই। সকালের দিকে কুয়াশাছন্ন ছিল, তাই মানুষ কম। এখন ধীরে ধীরে মানুষ আসবে।’