× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বীর বিক্রম শহীদ বদিউল আলমের পৈত্রিক বাড়িতে হামলা

রানা হানিফ

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২২ ২০:৪৬ পিএম

আপডেট : ৩০ অক্টোবর ২০২২ ২১:০০ পিএম

বদিউল আলম সড়ক। ছবি: প্রবা

বদিউল আলম সড়ক। ছবি: প্রবা

মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর হাতে শহীদ হওয়া বীর বিক্রম বদিউল আলমের পৈত্রিকবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাজধানী তেজগাঁওয়ের ৫৭ নম্বর মণিপুরীপাড়ার বদি ভিলায় এ ঘটনা ঘটে।

বীর মুক্তিযোদ্ধা বদিউল আলমের পৈত্রিক এই বাড়ির পার্শ্ববর্তী (দক্ষিণ ও পূর্ব পাশে) ৫৮ নম্বর ও ৫৭/১ নম্বর হোল্ডিংয়ে বহুতল ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান ‘মাহবুব ডেভেলপার’র বিরুদ্ধে হামলার এই অভিযোগ উঠেছে। 

হামলার সময় স্থানীয় তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তিনবার কল করেও কোনো প্রকার সহযোগিতা পাওয়া যায়নি। এমনকি জরুরী সেবা নম্বর ৯৯৯-তে কল করেও কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে শহীদ বদিউল আলমের ছোট ভাই সাইফুল আলম কাকন অভিযোগ করেছেন। 

অভিযোগে জানা যায়, বদি ভিলার পার্শ্ববর্তী দক্ষিণ ও পূর্বপাশে ৫৮ নম্বর ও ৫৭/১ নম্বর হোল্ডিংয়ে বহুতল ভবন নির্মাণ কাজ করছে ‘মাহবুব ডেভেলপার’নামের একটি নির্মাণ প্রতিষ্ঠান। তবে নির্মাণ কাজের জন্য প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ না করার  রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ২০২১ সালের ৬ ডিসেম্বর ও ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটিকে দুবার সতর্কতামূলক নোটিশ পাঠায়। 

এরপরও নির্মাণ প্রতিষ্ঠান সতর্ক না হওয়ায় এবং বদি ভিলার নিরাপত্তা বিঘ্ন ঘটায় শহীদ বদিউল আলমের ভাই মাহবুব উল আলম বাদী হয়ে রাজউক চেয়ারম্যান, নির্মাণ প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালতে গত ৩ অক্টোবর একটি দেওয়ানী মামলা করেন।  যার পরিপ্রেক্ষিতে আবারও মাহবুব ডেভেলপারকে নির্মাণ কাজ বন্ধের নোটিশ দেয় রাজউক। তারপরও নিরাপত্তামূলক কোনো ব্যবস্থা না নেওয়ায় ৫ অক্টোবর তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরিও করেন মাহবুব উল আলম।

শহীদ বদিউল আলমের ছোট ভাই সাইফুল আলম কাকন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, নিরাপত্তা বিঘ্নিত করায় মাহবুব ডেভেলপারের বিরুদ্ধে আদালতে মামলা করায় প্রতিষ্ঠানটি বিভিন্নভাবে আমাদের পরিবারকে হুমকি দিয়ে আসছে।  এমন হুমকির পরিপ্রেক্ষিতে স্থানীয় থানায়ও জিডি করায় তারা আরও ক্ষিপ্ত হয়ে অজ্ঞাত কিছু সন্ত্রাসীদের মাধ্যমে আমাদের বাড়িতে হামলা চালিয়েছে। 

গত ২৭ অক্টোবর বৃহস্পতিবার হামলার সময় স্থানীয় বাসিন্দা ও বদিউল আলমের পরিবারের সদস্যদের মোবাইল ফোনে ধারণকৃত ভিডিওতে দেখা যায়, অজ্ঞাত ১২ থেকে ১৫ জন যুবক অকথ্য গালিগালাজ করে বদি ভিলার প্রধান ফটকে লাটি, রড দিয়ে আঘাত করছে। এ সময় তারা মামলা ও জিডির বাদী বদিউল আলমের আরেক ভাই মাহবুব উল আলমকে বাড়ি থেকে বের করে আনার হুমকি দিতে থাকে। একই সঙ্গে তাকে দেখে নেওয়া হবে বলে হুমকি দিতে থাকে। হামলার সময় পুলিশ প্রশাসনে ফোন করার পরও কোনো সহযোগিতা পাওয়া যায়নি। 

মাহবুব ডেভেলপারের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব খান হামলার অভিযোগ অস্বীকার করেন। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘ওইদিন (২৭ অক্টোবর) কোনো ধরণের হামলার খবর আমি জানি না আর এর সঙ্গে আমার বা আমার প্রতিষ্ঠানের কোনো সংশ্লিষ্ট্যতার থাকার প্রশ্নই আসে না। তিনি বলেন, এ ধরণের কোনো হামলা আমরা করিনি। বরং বিভিন্ন সময় ওই পরিবারের (শহীদ বদিউল আলমের পরিবার) পক্ষ থেকে  থেকে আমাদের হামলা ও মামলা দিয়ে হেনস্থা করা হচ্ছে। 

হামলার দিন আইনি সহযোগিতা না করার অভিযোগের ব্যাপারে তেজগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অপূর্ব হাসান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, মণিপুরীপাড়ার এই ঘটনা জমিজমার জটিলতা সংক্রান্ত ঘটনা। জমিজমা সংক্রান্ত ঘটনায় সম্পৃক্ত না হওয়ার জন্য হাইকোর্ট থেকে থানার প্রতি নির্দেশনা রয়েছে। তিনি বলেন, মণিপুরীপাড়ায় এই দুই বাসিন্দার মধ্যে জমিজমা সংক্রান্ত যে বিরোধ তা অনেক পুরান ঘটনা। একে অপরের বিরুদ্ধে মামলা, হামলা করা তাদের নিত্যনৈমেত্তিক ব্যাপার।

বদিউল আলমের বাড়িতে হামলা ও আইনি সহযোগিতা না দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ওইদিন আমাকে তারা কল করেছিলেন এটা সত্য, কিন্তু আমি হামলার কোনো সত্যতা পাইনি। এমনকি বাদির পরিবারের পক্ষ থেকেও কোনো প্রকার প্রমাণ উপস্থাপন করতে পারেননি। 

উল্লেখ্য মহান স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনীর হাতে ধরা পড়ে শহীদ হওয়ার আগে রাজধানী ঢাকা ও এর আশপাশে ফার্মগেট সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন এবং ধানমণ্ডি অপারেশনের মত একাধিক অভিযানে আরবান ক্র্যাক গেরিলা ইউনিট পরিচালনা করেন বদিউল আলম। তার এমন অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার তাকে মুক্তিযুদ্ধের তৃতীয় সর্বোচ্চ বীর বিক্রম খেতাবে ভূষিত করে। একই সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণ ও সম্মান প্রদর্শনের অংশ হিসেবে তেজগাঁও মণিপুরীপাড়ার এক নম্বর গেইট থেকে শুরু হওয়া রাস্তাটি বীর বিক্রম শহীদ বদিউল আলম সড়ক হিসেবেও নামকরণ করে। 

প্রবা/এইচকে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা