প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩ ২০:১৮ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩ ২০:১৯ পিএম
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখেছি বলেই আজকের এই উন্নত বাংলাদেশ সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, আমরা অসাম্প্রদায়িক ও শান্তি নিয়ে বেঁচে থাকতে চাই। তাই এবারের নির্বাচনেও আমরা শেখ হাসিনার প্রতি আস্থাশীল।
রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘শেখ হাসিনায় আস্থা’ শীর্ষক চিকিৎসক সমাবেশে তিনি এ কথা বলেন।
পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘১৯৭১ এর মুক্তিযুদ্ধের মাধ্যমেই আমরা এ দেশ পেয়েছি। এই দেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে থাকবে। ১৯৯১ ও ২০০১ সনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা উল্লেখ করে আগামী নির্বাচনে সবাইকে ভোট কেন্দ্র গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাচ্ছি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরফুদ্দিন আহমেদ বলেন, ‘আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ভোট কেন্দ্রে যেতে হবে। সবাই মিলে ভোট কেন্দ্রে গেলেই ভোট বিরোধী ও দেশ বিরোধীরা ১ শতাংশে পরিণত হবে। মুক্তিযুদ্ধের চেতনার শক্তি তথা শেখ হাসিনা হবেন ৯৯ শতাংশ।’
এ সময় তিনি কোভিড-১৯ ভ্যাকসিন বিনামূল্যে সরবরাহ থেকে শুরু করে অত্যাধুনিক হাসপাতাল নির্মাণসহ প্রধানমন্ত্রীর চিকিৎসাক্ষেত্রে অবদানের পরিসংখ্যান তুলে ধরেন।
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘প্রধানমন্ত্রীর স্বপ্ন ছিল প্রাইমারি স্কুলের শিক্ষক হবেন। এখনও তিনি সেই কথা বলেন। তিনি এমন একটা সময় দেশের হাল ধরেছিলেন যখন মানুষ অন্ধকারে হাতড়াচ্ছিলেন। তিনি বার বার বাঁচিয়েছেন। তাই শেখ হাসিনাতেই আস্থা রাখতে হবে। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা ছাড়া আর কেউ নয়।’
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব খ্যাতিমান চিকিৎসক অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।
এসময় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামূল হক ভূইয়া, সম্প্রীতি বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. উত্তম বড়ূয়া, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি অধ্যাপক ডা. রেজাউল আমিন টিটু, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাবেক সাধারণ সম্পাদক ডা. রাহাত হোসেন, প্রামাণ্যচলচ্চিত্র নির্মাতা, সাইফ আহম্মেদ, বঙ্গবন্ধু গবেষক আফিজুর রহমান, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডা. অনুপম সাহা প্রমুখ।