প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩ ২০:১৩ পিএম
গ্রেপ্তার মো. শাকিল মোল্লা। সংগৃহীত ছবি
উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে মো. শাকিল মোল্লা নামের প্রিটিং কারখানার এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর জিন্দাবাহার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (৩০ ডিসেম্বর) এটিইউর পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রেপ্তার শাকিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য।
মাহফুজুল আলম রাসেল জানান, গ্রেপ্তারের সময় শাকিলের কাছে ১টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড ও উগ্রবাদী লেখা সংবলিত বিভিন্ন ডকুমেন্ট জব্দ করা হয়। সে জিন্দাবাহার এলাকার একটি প্রিন্টিংয়ের দোকানের কর্মচারী। আনসার আল ইসলামের আধ্যাধিক নেতা জসিম উদ্দিন রাহমানির বক্তব্যে উদ্ভুদ্ধ হয়ে সে সংগঠনের সদস্যপদ গ্রহণ করে। এরপর থেকে সে সংগঠনের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে আসছিল।
এটিইউর জানিয়েছে, শাকিল দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী বক্তব্য প্রচারণা ও তথ্য আদান-প্রদান করে সাধারণ মানুষদের নিষিদ্ধ প্ররোচিত করতো। তার বিরুদ্ধে ডিএমপির কোতয়ালী থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।