× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খিলক্ষেতে পথচারীদের ওপর উঠে গেল দ্রুতগতির জিপ, শিশুসহ নিহত ৩

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩ ০১:১৩ এএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩ ১০:৪৬ এএম

খিলক্ষেতে দুমড়েমুচড়ে যাওয়া ল্যান্ডক্রুজার প্রাডো। প্রবা ফটো

খিলক্ষেতে দুমড়েমুচড়ে যাওয়া ল্যান্ডক্রুজার প্রাডো। প্রবা ফটো

রাজধানীর খিলক্ষেতে বেপরোয়া গতির ল্যান্ডক্রুজার প্রাডো গাড়ির চাপায় শিশুসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর পালিয়ে গেছেন গাড়ির চালক। তবে এর মালিককে শনাক্ত করার কথা জানিয়েছে পুলিশ।

বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে খিলক্ষেত বাজার যাত্রীছাউনি সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো ২৬ বছরের যুবক উজ্জ্বল পাণ্ডে, ৩০ বছরের নারী আমরিন ও ৯ বছরের শিশু ইয়াসিন। আহত হয়েছে ইয়াসিনের বাবা মো. সুমন ও রিয়াদ নামে এক যুবক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার জানান, প্রাডো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। আহতদের প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার পর জিপ গাড়িটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে।

নিহত উজ্জ্বল পাণ্ডের শ্যালক সবুজ কির্তনীয়া জানান, তাদের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর থানার কাজীপাড়া গ্রামে। উজ্জ্বল ভাটারা নতুনবাজার এলাকায় থাকতেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

আহত সুমনের বাবা মো. মফিজ (ইয়াসিনের দাদা) জানান, তাদের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া গ্রামে। সুমন মোহাম্মদপুর পাবনা হাউস গলিতে পরিবার নিয়ে থাকেন। মফিজ নিজে খিলক্ষেত ১৩ নম্বর রোডে একটি বাসায় নিরাপত্তাকর্মীর কাজ করেন। বিকালে ছেলে সুমন ও নাতি ইয়াসিন খিলক্ষেতে তার কাছে গিয়েছিলেন দেখা করতে। সেখান থেকে মোহাম্মদপুরের বাসায় ফিরছিলেন। এর কিছুক্ষণ পর তিনি জানতে পারেন, দুর্ঘটনায় তার নাতি মারা গেছে। পরে হাসপাতালে গিয়ে আহত অবস্থায় পান ছেলেকে।

সার্বিক বিষয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, খিলক্ষেত থেকে তিনজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে তাদের মধ্যে উজ্জ্বল নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে রিয়াদ ও সুমন ভর্তি আছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

খিলক্ষেত থানা পুলিশ আরও জানায়, ধারণা করা হচ্ছে, গাড়িটির চালক অদক্ষ ছিলেন। তবে গাড়িটির মালিককে শনাক্ত করা হয়েছে। শিগগিরই আটক করে জিজ্ঞাসাবাদ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা