× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচন বাধাগ্রস্ত করার অধিকার কারও নেই : সম্মিলিত সাংস্কৃতিক জোট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩ ২১:৩৯ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩ ২২:৪৯ পিএম

ডিআরইউ সাগর রুনি হলে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্যরা। ছবি : সংগৃহীত

ডিআরইউ সাগর রুনি হলে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্যরা। ছবি : সংগৃহীত

নির্বাচনে অংশগ্রহণ ও ভোটদানে আগ্রহীদের বাধাপ্রদানের অধিকার কারও নেই বলে মন্তব্য করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস। তবে তিনি এও বলেন, বহুদলীয় গণতন্ত্রে নির্বাচনে অংশগ্রহণ করা না করার অধিকার সব রাজনৈতিক দল ও নাগরিকেরই রয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর রুনি হলে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা বলেন তিনি। নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা এবং ভোটারদের ভয়-ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দাও তিনি প্রকাশ করেন।

গোলাম কুদ্দুস বলেন, একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচন অনুষ্ঠান গণতন্ত্রের ভিত্তি। সেই লক্ষ্যে স্বাধীন নির্বাচন কমিশন গঠন, নির্বাচন কমিশনকে স্বয়ংসম্পূর্ণকরণ এবং সংবিধানের আলোকে নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠান আয়োজনে নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলসহ সব মহলের সর্বোত্তম সহযোগিতা করা প্রয়োজন। এক্ষেত্রে নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ ও বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্য যেকোনো ইতিবাচক মতামত প্রদান ও গ্রহণ নির্বাচনী প্রক্রিয়াকেই আরও বেশি গ্রহণযোগ্য করে তুলতে পারে।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতসহ কতিপয় রাজনৈতিক দল এরই মধ্যে অকার্যকর তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে দেশব্যাপী নানা কর্মসূচি পালন করছে। হরতাল-অবরোধের নামে হিংসাত্মক কার্যক্রম পরিচালনা করে তারা দেশে একটি অমানবিক ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে সচেষ্ট হয়েছে। ট্রেন, বাস, ট্রাকসহ গণপরিবহনে অগ্নিসংযোগ, পেট্রলবোমা নিক্ষেপের মাধ্যমে এরই মধ্যে নারী-শিশুসহ বেশকিছু নিরীহ মানুষকে হত্যা করেছে এবং অগ্নিদগ্ধ আহতের সংখ্যাও অগণিত।

গণতন্ত্র, মুক্তিযুদ্ধ ও দেশবিরোধী অপশক্তি মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি। তিনি বলেন, তাদের অশুভ এজেন্ডা বাস্তবায়নের জন্য মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। বাংলাদেশে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং নানা ধরনের স্যাংশন আরোপে বিদেশিদের প্ররোচিত করছে। আমরা এ ধরনের দেশবিরোধী আত্মঘাতী কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসার জন্য তাদের প্রতি আহ্বান জানাই। নির্বাচন, গণতন্ত্র, সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এই অপশক্তি অসাম্প্রদায়িক চেতনা ও বাঙালির হাজার বছরের উদার সংস্কৃতির বিরুদ্ধেও খড়গহস্ত। এরা ধর্মের অপব্যাখ্যা করে সমাজের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার পাশাপাশি সংস্কৃতিকে ধর্মের মুখোমুখি দাঁড় করাতে চায়। আমরা অতীতের মতোই এদের সব ষড়যন্ত্র গুড়িয়ে দিতে বদ্ধপরিকর।

এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লাহ্  বলেন, সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনাপরিপন্থী অপশক্তি দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও শান্তি-সম্প্রীতি বিনষ্ট করতে চায়, তাদের প্রতিরোধ করতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা