× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘মজুদদারদের চিহ্নিত করা হচ্ছে, এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের বাজার স্থিতিশীল হবে’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩ ১৬:৩৮ পিএম

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩ ১৬:৫৯ পিএম

ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলের বিতার্কিকদের ট্রফি হাতে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণসহ অন্যান্য অতিথিদের সঙ্গে তোলা ছবি।

ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলের বিতার্কিকদের ট্রফি হাতে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণসহ অন্যান্য অতিথিদের সঙ্গে তোলা ছবি।

পেঁয়াজ মজুদদারদের চিহ্নিত করা হচ্ছে, এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের বাজার স্থিতিশীল করা হবে বলে আশা করছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

তিনি বলেন, ‘মুড়িকাটা পেঁয়াজ ইতোমধ্যে বাজারে আসা শুরু করেছে। পেঁয়াজ মজুদদারদেরকে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে। পেঁয়াজের দাম বাড়ার পেছনে ইতোমধ্যে কিছু মজুদদারকে চিহ্নিত করা হয়েছে। এখনও যারা অচিহ্নিত রয়েছে তাদেরকেও চিহ্নিত করার প্রক্রিয়া চলছে।’ 

সোমবার (১১ ডিসেম্বর) ঢাকার কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ও রানার আপ হওয়ার গৌরব অর্জন করে ইডেন মহিলা কলেজ। 

এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘খাতুনগঞ্জ ও শ্যামবাজারের থরে থরে সাজানো পেঁয়াজ আমাদের অভিযানের পরে কীভাবে উধাও হয়ে গেল। গোয়েন্দা সংস্থার মাধ্যমে কারা পেঁয়াজ লুকিয়ে রেখেছে তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার চেষ্টা চলছে। ইতোমধ্যে দেশের ৫৪টি জেলায় অভিযান পরিচালনা করে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কিছুদিন আগে হিমাগার থেকে ৬ লাখ ডিম মজুদ অবস্থায় পাওয়া গেছে। মাংস ও আলুর বাজারে অস্থিতিশীলতা নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও পেঁয়াজের বাজার স্থিতিশীল করার লক্ষ্যে সরকার কাজ করছে।’ 

সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাংলাদেশে দ্রব্যমূল্যের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে কালোবাজারী—মজুদদাররা সরকারের চেয়েও পাওয়ারফুল। রাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাও তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না। সুযোগ পেলেই বেপরোয়া হয়ে ওঠে, জনগণকে বেকায়দায় ফেলতে চায় তারা। বর্তমানে পেঁয়াজ নিয়ে তেলেসমাতি কান্ড তারই প্রমাণ। তবে আশা করা যাচ্ছে কিছু দিনের মধ্যেই অসৎ পেয়াজ কারবারিদের নিস্ক্রীয় করা যাবে। ভারতে ঋণপত্র খোলা ৫৫ হাজার টন পেঁয়াজ দেশে আনার দ্রুত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এছাড়াও টিসিবির কাছে সাড়ে ৩ হাজার টন পেঁয়াজ রয়েছে। অন্যদিকে দেশিয় পেঁয়াজও বাজারে আসা শুরু করেছে। আমি ধারণা করছি, এবারও অসৎ মজুদদার পেঁয়াজ কারবারিরা হয়তো গোডাউনে পেয়াজ পচাবে অথবা গোপনে পানিতে ফেলে দেবে। তাই আশা করব যারা বিভিন্ন জায়গায় পেঁয়াজ লুকিয়ে রেখেছে  তারা দ্রুত লোকসান এড়াতে চাইলে বাজারে দ্রুত পেঁয়াজ সরবরাহ করবেন।

তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সদিচ্ছা থাকতে হবে। চাকরিজীবী মধ্যবিত্ত, নিম্নবিত্তরা দ্রব্যমূল্যের কষাঘাতে হিমশিম খাচ্ছে। অনেকেই খাদ্য তালিকা থেকে মাছ মাংস খাওয়া বাদ দিয়েছে। মধ্যবিত্তের অবস্থা হয়েছে না পারে সইতে, না পারে কইতে। দ্রব্যমূল্যের কষাঘাত থেকে জনগণকে মুক্তি দিতে হবে। তার জন্য দরকার ব্যবসায়ীদের মানসিকতার পরিবর্তন। 

তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিরলস ও ধারাবাহিক কার্যক্রমের জন্য একজন সাধারণ নাগরিক হিসেবে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। অনিয়ম ও দুনীর্তিমুক্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জন্য রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সুপারিশ করছি। একই সঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যেসব কর্মকর্তারা ২৪ ঘণ্টা জীবনের ঝুঁকি নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণে নানা অভিযান পরিচালনা করছেন তাদের জন্য ঝুঁকিভাতাসহ বিশেষ ইনসেন্টিভ প্রদানের সুপারিশ করছি। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ আসাদুজ্জামান ও ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, উপপরিচালক আতিয়া সুলতানা প্রমুখ। 

সংবর্ধনা অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি ও সনদপত্রসহ যথাক্রমে নগদ ২ লাখ ও ১ লাখ টাকা পুরস্কার প্রদান করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা