প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩ ২০:৫২ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩ ২১:০৩ পিএম
আদম তমিজী হক। ফাইল ফটো
হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদম তমিজী হককে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) রাতে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে কিছু সময় জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাহিনীর একটি সূত্র।
ডিবির যুগ্ম কমিশনার খন্দকার নুরুন্নবী প্রতিদিনের বাংলাদেশ রাত পৌনে ৯টায় জানান, তমিজী হককে আটক বা গ্রেপ্তার করা হয়নি। কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়।
আদম তমিজীর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনসহ কয়েকটি মামলা রয়েছে। গত ১৬ নভেম্বর রাতে তাকে গ্রেপ্তার করতে গুলশানের বাসায় যায় র্যাব। গ্রেপ্তার হলে আত্মহত্যার হুমকি দেন তিনি।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন তখন বলেছিলেন, ‘আদম তমিজীর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে ও তার স্ত্রীর করা মামলাসহ কয়েকটি আরও মামলা রয়েছে। তার বাসায় অভিযানের তল্লাশি পরোয়ানা রয়েছে। অভিযোগের ভিত্তিতে সব নিয়ম মেনেই আমরা তাকে আইনের আওতায় আনতে তার বাসায় যাই।’
খন্দকার মঈন আরও বলেন, ‘তার বাসায় একজন ইউকের (যুক্তরাজ্য) নাগরিক ছিলেন, চতুর্থ স্ত্রী ছিলেন। সব নিয়ম মেনেই আমরা গ্রেপ্তার করতে চেষ্টা করি। কিন্তু একপর্যায়ে তিনি ছুরি নিয়ে সুইসাইড (আত্মহত্যা) করার হুমকি দেন, জানালার গ্লাস (কাচ) ভেঙে ফেলেন, এক পা বাইরে দিয়ে লাফ দেওয়ার হুমকি দেন। পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গ্রেপ্তার করা হয়নি।’