৯৯৯ নম্বরে কল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩ ১০:৪৬ এএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩ ১১:৫৭ এএম
প্রতীকী ছবি
রাজধানীর ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর এলাকা থেকে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম জামান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা ৯৯৯-এ কল পেয়ে গিয়ে ক্যান্টনমেন্টের ইসিবি চত্বরে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় দেখতে পাই। তাকে ওই অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘মৃতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম-পরিচয় শনাক্ত করতে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’