প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩ ২০:৩৫ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩ ২০:৪৯ পিএম
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। ফাইল ছবি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, রাজনৈতিক দলের নেতারা শ্রমজীবী মানুষদের ভাড়া করে জ্বালাও-পোড়াও করাচ্ছে। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হচ্ছে।
সোমবার (৪ ডিসেম্বর) সকালে ডিএমপি কমিশনারের কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ’জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কয়েকটি রাজনৈতিক দল বেপরোয়া। জ্বালাও-পোড়াও ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এসব ঘটনার রহস্য উদঘাটনের তদন্তে ও ঘটনায় জড়িতদের আটক করার পর জিজ্ঞাসাবাদে উঠে আসছে—রাজনৈতিক দলের নেতাকর্মীরা শ্রমজীবী মানুষ ভাড়া করে এসব ঘটনা ঘটাচ্ছে। এসব ঘটনা প্রতিরোধে গোয়েন্দা সংস্থা ও পুলিশ আরও বেশি সতর্ক থেকে দায়িত্ব পালন করবে।’
১৮ অক্টোবর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১২তম বৈঠকের আলোচনা তুলে ধরে ডিএমপি কমিশনার বলেন, ’ঢাকা মেট্রোপলিটন এলাকাসহ সারা দেশের সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনায় স্ব-উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
সভায় থানা-পুলিশসহ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) নিরাপত্তা ব্যবস্থাপনার বিভিন্ন নির্দেশনা দেন তিনি। অন্য সময় থেকে এবারের ১৪ ও ১৬ ডিসেম্বরের নিরাপত্তা জোরদার ও অতিরিক্ত পুলিশ দিয়ে দায়িত্ব পালন করার কথা বলা হয়।
সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নিরাপত্তা-সংক্রান্ত দায়িত্ব বণ্টন চিত্র তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন—ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) একেএম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ মহিদ উদ্দিন প্রমুখ।