প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩ ২১:১৭ পিএম
সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
হেরিটেজ ফাউন্ডেশন এক বার্তায় জানায়, মরহুমের জানাজা মাগরিবের পর সন্ধ্যা সাড়ে পাঁচটায় ধানমন্ডি ৭ নম্বর রোড সংলগ্ন বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত হয়।
ওয়ালিউর রহমান ১৯৪২ সালের ২৬ ডিসেম্বর ঝিনাইদহের শৈলকূপার কাঁচেরকোল গ্রামে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়ে ১৯৭১ সালে পাকিস্তানের ফরেন সার্ভিসের চাকরি ছেড়ে মুজিবনগর সরকারে যোগ দেন তিনি। স্বাধীনতার পর ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ওয়ালিউর রহমান বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর সদস্যপদ অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তাকে চাকরি থেকে ওএসডি করা হয়। প্রধান কারণ দেখানো হয় বঙ্গবন্ধু নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ১৯৭৫ সালের ১৩ ও ১৭ সেপ্টেম্বর বিলিয়ায় দুইটি সেমিনারের আয়োজন। ‘জেনারেলদের রাজনীতি এবং রাজনৈতিক হত্যাকাণ্ড’ শীর্ষক ওই সেমিনারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয়। রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান তখন বিলিয়ার আজীবন সদস্য। পরবর্তীতে বিএনপি ক্ষমতায় এসে ওয়ালিউর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি থেকে অব্যাহতি দেয়। আদালতের রায়ে তিনি চাকরি ফিরে পান।
ওয়ালিউর রহমানের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রদূত ওয়ালিউর রহমানের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো। পররাষ্ট্রমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।