প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩ ১৩:৫৪ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩ ১৪:৩৬ পিএম
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত
রাজধানীর আগারগাঁওয়ে আগুনে দগ্ধ হয়েছেন চার শ্রমিক। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা হলেন- মো.মুজাফফর , মো. রফিকুল , মো. রবিন ও সরলাল দাশ।
দগ্ধ মুজাফফর বলেন, সকাল সাড়ে ৯টার দিকে তালতলায় নুরানি কনস্ট্রাকশন নামে একটি বিল্ডিংয়ে কেমিক্যালের (তারপিন) ড্রাম কাটার সময় হঠাৎ আগুন ধরে যায়। এতে চারজন শ্রমিকের শরীরের বিভিন্ন জায়গা পুড়ে যায়।
চিকিৎসক তরিকুল ইসলাম জানান, শ্রমিকদের হাতে-পায়ে বিভিন্ন জায়গায় দগ্ধ হয়েছে। তাদের চারজনকেই রাখা হয়েছে অবজারভেশনে। এদের মধ্যে মুজাফফর ৩ শতাংশ, রফিকুল ৪৩ শতাংশ, রবিন ২২ শতাংশ ও সরলাল ৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে রফিকুল ও রবিনের অবস্থা আশঙ্কাজনক। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে।