× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিবিপ্রধানের বক্তব্যের নিন্দা রিজভীর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩ ১৬:১২ পিএম

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩ ১৬:৩১ পিএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ফটো

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ফটো

‘গ্রেপ্তার বিএনপি নেতারা অগ্নিসংযোগ ও ভাঙচুরের দায় স্বীকার করেছেন’ ডিবিপ্রধানের এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একই সঙ্গে তিনি বলেছেন, ডিবিপ্রধানের এ বক্তব্য ‘চতুর অপকৌশল মাত্র’।

শনিবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে রিজভী এ কথা বলেন। বিবৃতিতে তিনি দাবি করেছেন, তার দলের নেতারা এ ধরনের কোনো স্বীকারোক্তি দেননি।

গত বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দাপ্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘রাজধানীর পল্টনে বিএনপির গত ২৮ অক্টোবরের মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, বিআরটিসি বাসে আগুনসহ পরবর্তী সময় হরতাল ও কয়েক দফার অবরোধের সময় জ্বালাও-পোড়াওয়ের দায় স্বীকার করেছেন গ্রেপ্তার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।’

তার এ বক্তব্যকে বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ করে রিজভী বলেন, ‘গত ৮ নভেম্বর গণমাধ্যমে প্রকাশিত ২৮ অক্টোবরের নাশকতার ঘটনায় গ্রেপ্তার হওয়া বিএনপির শীর্ষ নেতাদের স্বীকারোক্তি নিয়ে ডিবিপ্রধানের বক্তব্য সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অশুভ উদ্দেশ্যপ্রণোদিত। কারণ ২৮ অক্টোবর পূর্বাপর নাশকতার যেসব ঘটনা ঘটেছে তার সবগুলোতেই সরকারদলীয় ক্যাডার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই জড়িত বলে চাক্ষুষ ও বিভিন্ন ফুটেজে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।’

তিনি দাবি করেন, ‘আমরা গ্রেপ্তার বিএনপি নেতৃবৃন্দের আইনজীবীদের কাছ থেকে জানতে পেরেছি যে, তারা ডিবি কার্যালয়ে এ ধরনের কোনো স্বীকারোক্তি দেননি।’

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা আরও বলেন, ‘মূলত উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাতে সরকারের বিশ্বস্ত দোসর হিসেবে গোয়েন্দাপ্রধান এ ধরনের নির্লজ্জ মিথ্যাচার করেছেন; যা চতুর অপকৌশলমাত্র। ডিবিপ্রধানের ডাহা মিথ্যাচারের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা