প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩ ১৯:১০ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৩ ২০:২৫ পিএম
রাজধানীর বনানী ও বিমানবন্দর সড়কে যানজট। শুক্রবার সন্ধ্যা কুড়িল থেকে তোলা। ছবি : আলী হোসেন মিন্টু
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) বিকাল ৫টা থেকে ঢাকার বিভিন্ন রাস্তায় যানজট দেখা যায়। ট্রাফিক পুলিশ জানিয়েছে, আর্মি স্টেডিয়ামে ‘কোক স্টুডিও বাংলা লাইভ’ কনসার্ট কেন্দ্র করে বনানীর রাস্তায় গাড়ির জটলা বাধায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।
শুক্রবার দুপুরের পর আর্মি স্টেডিয়ামের গেট খোলা হয়। তার আগেই স্টেডিয়ামের আশপাশে ভিড় জমতে করে শ্রোতাদের। কনসার্ট শুরুর পর পর স্টেডিয়ামের বাইরে দর্শকের সারি দীর্ঘ হতে থাকে। ফুটপাত ছেড়ে প্রধান সড়ক দর্শকের দখলে চলে যায়। এতে যানবাহন চলাচলে বাধা সৃস্টি হয়।
শুকবার বিকাল সাড়ে পাঁচটার পর আর্মি স্টেডিয়াম থেকে মহাখালী, বনানী ও বিমানবন্দর সড়কের দুই পাশে ঘণ্টার পর ঘণ্টা যানবাহন দাঁড়িয়ে ছিল বলে জানান যাত্রীরা। আর এর প্রভাব পড়েছে কুড়িল ফ্লাইওভার হয়ে ৩০০ ফিট সড়ক পর্যন্ত।
কাকলি মোড়ে সিএনজিচালিত অটোরিকশাচালক জয়নাল আকন জানান, মোহাম্মাদপুর থেকে যাত্রী তুলেছেন। যাবেন বিমানবন্দর। মহাখালী ফ্লাইওভারে থেকে কাকলি মোড়ে আসতে তার সময় লেগেছে দেড় ঘণ্টা।
ট্রাফিক পুলিশের সূত্রে জানা গেছে, কোক স্টুডিওর কনসার্টের জন্য আর্মি স্টেডিয়ামের ভেতরে জমজমাট করা হলেও বাইরে চরম অব্যবস্থাপনা। এমনকি দর্শকের কথা বিবেচনা করে প্রবেশ ও বাহিরের পথগুলো বাড়ানো হয়নি। যে যার মতো গাড়ি পার্কিং করায় রাস্তার দুই পাশে এমন তীব্র যানজট সৃস্টি হয়েছে।
ঢাকা মহানগরের উপপুলিশ কমিশনার (ট্রাফিক-গুলশান বিভাগ) আব্দুল মোমেন বলেন, ‘কনসার্টের জন্য ট্রাফিক ব্যবস্থায় ব্যঘাত ঘটেছে। যানজট সৃষ্টি হয়েছে। নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি।’
গুলশান বিভাগের ট্রাফিক ও পুলিশের ক্রাইম বিভাগের সদস্যরা সমন্বয় করে যানজট নিরসনে কাজ করছে বলে জানান তিনি।