× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবরোধের শেষ দিনেও ফাঁকা সদরঘাট, লঞ্চ চলাচল কম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩ ১২:৩৩ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৩ ১৩:৪৫ পিএম

 রাজধানীর প্রধান নদীবন্দর সদরঘাট। প্রবা ফটো

রাজধানীর প্রধান নদীবন্দর সদরঘাট। প্রবা ফটো

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের সর্বাত্মক অবরোধের শেষ দিনেও রাজধানীর প্রধান নদীবন্দর সদরঘাট থেকে লঞ্চ চলাচল করছে। তবে যাত্রী সংকটে লঞ্চ চলাচল অর্ধেকে নেমে এসেছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত লঞ্চ টার্মিনাল এলাকা ঘুরে দেখা গেছে, লঞ্চ টার্মিনালের পন্টুনে অপেক্ষা করছে লঞ্চ। টার্মিনাল এলাকায় যাত্রীর উপস্থিতি একেবারেই কম। দীর্ঘ সময় পর পর লঞ্চ ছেড়ে গেলেও যাত্রীসংখ্যা ছিল খুবই কম। কোলাহলপূর্ণ টার্মিনাল এলাকায় যাত্রী শূন্যতা বিরাজ করছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক মো. ইসমাইল হোসেন প্রতিদিনের বাংলাদেশক বলেন, আজ সকালে সদরঘাট থেকে ৭টি লঞ্চ ছেড়ে গেছে। যাত্রী কম থাকায় নিয়মিত চলাচলকারী আরও ৩টি লঞ্চ সদরঘাট ছেড়ে যায়নি। যেগুলো ছেড়ে গেছে সেগুলোতেও যাত্রীর সংখ্যা ছিল একেবারেই কম।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, অবরোধের দ্বিতীয় দিন বুধবার ৩৫টি লঞ্চ সদরঘাট থেকে গন্তব্যে ছেড়ে গেছে। আর দেশের অন্যান্য গন্তব্য থেকে সদরঘাটে ভিড়েছে ৩৬টি লঞ্চ।

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের পর হরতালের ডাক দেয় বিএনপি ও জামায়াতে ইসলামী। এরপর মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ডাকা হয় সর্বাত্মক অবরোধ। জাতীয় নির্বাচনের আগে এই হরতাল-অবরোধে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বাসে আগুন ও প্রাণহানির ঘটনা ঘটছে। সহিংসতার শঙ্কায় সড়কপথে বাস চলাচল কম করছে। হরতাল-অবরোধের এই প্রভাব পড়েছে নৌপথেও। অবরোধের প্রথম দুদিন সদরঘাটে যাত্রীদের উপস্থিতি ছিল একেবারেই কম। বৃহস্পতিবারও দেখা গেছে একই চিত্র।

মিতালী-৫ লঞ্চের স্টাফ সোহেল মিয়া বলেন, প্রথম দুই দিন যাত্রীর অভাবে মিতালী-৫ লঞ্চ ছাড়েনি। আজ কী হবে বলতে পারছি না। এখনও যাত্রী নেই। আগামীকাল যেহেতু শুক্রবার আছে যাত্রী হবে বলে আশা করছি। তবে আবারও কোনো রাজনৈতিক কর্মসূচি দেওয়া হলে সেই আশাটাও দেখা যাচ্ছে না।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, নৌ পথে যাত্রীরা নিরাপদে যাতায়াত করছে। যাত্রীদের নিরাপত্তায় নৌ পুলিশ সার্বক্ষণিক নদীতে টহল দিচ্ছে। ঘাটে প্রবেশে সন্দেহজনক কাউকে দেখা গেলে তল্লাশি করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা