প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩ ১৩:৫০ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩ ১৬:০৭ পিএম
মিরপুরে গার্মেন্ট শ্রমিকরা বাস ভাঙচুর করেছে। প্রবা ফটো
রাজধানীর মিরপুরের পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। এরই মধ্যে বেশ কয়েকটি যানবাহন ও কারখানা ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টেবার) সকালে পল্লবীতে এই সংঘর্ষের সূত্রপাত। সেখানে শ্রমিক-পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকালে প্রতিদিনের বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক ঘটনাস্থল থেকে এসব তথ্য জানান। এর আগে সকালে শুরু হওয়া শ্রমিকদের বিক্ষোভের মুখে মিরপুর গোল চক্কর থেকে ১১ নম্বর রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের দাবি, তারা স্থানীয় ইপিলয়ন গার্মেন্টে কাজ করেন। এদিন সকালে বেতনভাতা বৃদ্ধির দাবিতে কারখানার সামনে অবস্থান নেন তারা। পরে স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে শ্রমিকদের ওপর হামলা করা হয়। কয়েকজন আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতাল ও সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে
সরেজমিনে দেখা যায়, ঘটনাস্থলে র্যাবের সদস্যরা এসে কিছুক্ষণ পর তারা চলে যান। ওই গার্মেন্টও বন্ধ রয়েছে। শ্রমিকরা লাঠিসোঁটা নিয়ে মিছিল করছে। তারা দুপুর সোয়া একটার দিকে একটি বাসে ভাংচুর চালিয়েছে। এ সময় শ্রমিকরা কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা ভাংচুর করে।
দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকরা আন্দোলন করছে। আগামীকাল মজুরি বোর্ডের সভা আছে। সেখানে নতুন মজুরির ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। পোশাক শ্রমিকরা একটি দাবি দিয়েছে, আবার মালিক পক্ষও আরেকটি প্রস্তাব দিয়েছে।
জানতে চাইলে মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) জসিম উদ্দিন বলেন, দু-এক দিনের মধ্যে গার্মেন্ট শ্রমিকদের বেতন বৃদ্ধির কথা রয়েছে। আন্দোলনরত শ্রমিকদের নিজেদের মধ্যে ভুলবোঝাবুঝির কারণে হালকা হাতাহাতি হয়েছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।