প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩ ২১:২৪ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩ ২২:০৯ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপির মহাসমাবেশ থেকে শনিবার (২৮ অক্টোবর) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ডিপ্লোমা প্রকৌশলীরা।
সোমবার (৩০ অক্টোবর) আইডিইবি ভবনে ভাঙচুর এবং গাড়িতে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় তারা সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এ দাবি জানান।
সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম আব্দুল মোতালেবের সভাপতিত্বে রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনের সামনে মানববন্ধনটি হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পেশাজীবীরা এ দেশের উন্নয়নে সব সময় কাজ করে যাচ্ছেন। তারা কোনো দল বা গোষ্ঠীর নন, বরং দেশের জনগণের নিকট দায়বদ্ধ। এরপরও কেন ২৮ অক্টোবর বিনা উস্কানিতে বিএনপির মহাসমাবেশ থেকে আইডিইবি সদর দপ্তরকে টার্গেট করে ব্যাপক ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, তা বিএনপি নেতাদের পরিষ্কার করতে হবে।
তারা বলেন, রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার রাজনৈতিক দলের রয়েছে। তবে কোনো পেশাজীবী সংগঠনের দপ্তর, সরকারি-বেসরকারি স্থাপনা কিংবা জনগণের জানমাল ধ্বংস করার অধিকার রাজনৈতিক দল বা দুষ্কৃতকারীদের থাকতে পারে না। সভা থেকে রাজনৈতিক মূল্যবোধ, শিষ্টাচার ও আদর্শ মেনে নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলনের কর্মসূচি পালনের জন্য ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন আইডিইবির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ, মো. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুন্তাসীর হাফিজ, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. খবির হোসেন, ঢাকা জেনিকের সভাপতি মির্জা এটিএম গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক দেওয়ান মো. ইলিয়াস, বাপিডিপ্রকৌসের সভাপতি মো. রায়হান মিয়া, ইইডি ডিপ্রকৌসের সাধারণ সম্পাদক মো. জাফর আলী সিকদার, ডিপিডিসি ডিপ্রকৌসের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন হাওলাদার, পিডিবি ডিপ্রকৌসের সভাপতি শেখ শাফায়েতুর রহমান, বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির সভাপতি মো. আমান উল্লাহ খান ইউসুফজী, জনস্বাস্থ্য ডিপ্রকৌসের সাধারণ সম্পাদক মোক্তার আলী, ভোকেশনাল শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম, রাজউক ডিপ্রকৌসের সাধারণ সম্পাদক শাহ আলম, প্রাইভেট সেক্টরস ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. নাজিমুদ্দীন পাটওয়ারী প্রমুখ।