প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩ ১০:৩২ এএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩ ১২:৪৫ পিএম
পুলিশ হত্যার ঘটনায় আলামত সংগ্রহে নয়াপল্টনে সিআইডির ক্রাইম সিন ইউনিট। প্রবা ফটো
ঢাকা মহানগর সিআইডির ক্রাইম সিন ইউনিট বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নয়াপল্টনের সড়ক থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছে। পল্টনের বিএনপি কার্যালয় কলাপসিবল গেট তালা লাগানো রয়েছে। রবিবার (২৯ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিটের একটি টিম ঘটনাস্থলে আসে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যদের বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করতে দেখা গেছে।
পুলিশের মতিঝিল অঞ্চলের সহকারী কমিশনার গোলাম রুহানি বলেন, যেহেতু নয়াপল্টন ও আশপাশের এলাকায় অরাজকতা হয়েছে, তাই পুরো অঞ্চলটিকেই ‘ক্রাইম সিন অঞ্চল’ ঘোষণা করা হয়েছে। আর যে অংশটি বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে, সেখান থেকেই মূলত হামলার নির্দেশনা এসেছিল, ককটেলের সরবরাহ হয়েছিল। এ কারণে এই অংশটি বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে।
পুলিশ কর্মকর্তা গোলাম রুহানি আরও বলেন, গতকালের সহিংসতায় এক হাজারেরও বেশি ককটেল ব্যবহার করে পুলিশের ওপর হামলা ও সহিংসতা হয়েছে বলে ধারণা করছি। সেই আলামতগুলো সিআইডি সংগ্রহ করছে।