প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩ ১৩:৪১ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩ ১৫:৫২ পিএম
বিএনপি, জামায়াতসহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনসহ আশপাশের এলাকায় মোবাইল নেটওয়ার্ক বিভ্রাট দেখা দিয়েছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন অনেকেই। ফলে দূর্ভোগ পোহাতে হচ্ছে ঢাকায় আসা নেতাকর্মীদের।
বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের পূর্বঘোষিত সমাবেশকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে সারা দেশ থেকে ঢাকায় আসছেন নেতাকর্মীরা। গতকাল রাতেই নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনের রাস্তা নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে উঠে।
সরেজমিনে পল্টন এলাকা ঘুরে দেখা যায়, আজ সকাল থেকেই মিছিলে মিছিলে আসা নেতাকর্মীদের ঢল নামে পল্টনে। দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে উঠে পল্টনের আশপাশের কয়েক কিলোমিটার এলাকার রাস্তা ও অলিগলি। এমন পরিস্থিতিতে সকাল থেকে পল্টন এলাকায় দেখা দিয়েছে মোবাইল নেটওয়ার্ক বিভ্রাট। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন অনেকেই।
রংপুর মহানগর থেকে সমাবেশে এসেছেন আব্দুর রহিমসহ কয়েক শ ছাত্রদল নেতাকর্মী। কাকরাইল মোড়ে রহিম বলেন, এর মধ্যে তিনিসহ ১৩ জন একসঙ্গে ছিলেন । সমাবেশ থেকে হঠাৎ দলছুট হয়ে পড়েন রহিম। এরপর থেকে তার সঙ্গীদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছেন না তিনি।
এদিকে মোবাইল নেটওয়ার্কের এই বিভ্রাটের কারণে ইও এলাকায় কর্মরত সাংবাদিকদেরও সংবাদ পাঠাতে সমস্যার মুখে পড়তে হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সংবাদিক বলেন, পল্টন থেকে অনেকক্ষণ অপেক্ষা করে রিপোর্ট, ছবি ও ভিডিও পাঠাতে পারিনি অফিসে। পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এসে পাঠিয়েছি।
লাইভ করতে পারছেন না বলেও জানিয়েছেন একাধিক পত্রিকার মাল্টিমিডিয়ার সাংবাদিক। তারা বলেন, লাইভ করতে গিয়ে বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে নেটওয়ার্ক সমস্যার কারণে।