× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই দলের সমাবেশ ঘিরে রাজধানীতে দোকানপাট বন্ধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩ ১২:৪৫ পিএম

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩ ১৫:৫১ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

বিএনপি ও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সমাবেশ ঘিরে আজ শনিবার রাজধানীর অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। এমনকি ফুটপাতের দোকানগুলোও খুলতে দেখা যায়নি।

ফার্মগেট এলাকায় কথা হয় জামাল উদ্দিনের সঙ্গে। তিনি মোজা, ব্রাশসহ বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করেন। বেলা ১১টার দিকে দেখা যায় তিনি দোকান বন্ধ করে ফেলছেন। পাশাপাশি অন্যান্য দোকানগুলোও দেখা গেছে ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। জানতে চাইলে জামাল উদ্দি বলেন, এই এলাকার পুলিশ কর্মকর্তারা দোকানপাট বন্ধ রাখতে বলেছেন। সকালে অনেকগুলো দোকান খুলেছিল কিন্তু এখন প্রায় সবগুলোই গুটিয়ে ফেলা হয়েছে।

এদিকে বাংলামোটর, পুরানা পল্টন এলাকায় একই ধরনের চিত্র দেখা গেছে। পল্টনে কথা হয় রিকশাচালক মামুন রশিদ শেখের সঙ্গে। তিনি কদমতলী থেকে যাত্রী নিয়ে পল্টন এলাকায় এসেছেন। মামুন বলেন, কদমতলী থেকে পল্টন মোড় পর্যন্ত দোকানপাট বন্ধ রয়েছে।

গোলাম রাব্বানী নামে কামরাঙ্গীচর থেকে আসা রিকশাচালক বলেন, কামরাঙ্গীচর, চক বাজার এলাকার দোকানপাটগুলো বন্ধ রয়েছে।

আনিসুর রহমান নামে এক পথচারী বলেন, তিনি শান্তিনগর, কাকরাইল হয়ে পল্টনে এসেছেন। এসব অঞ্চলের দোকানপাট বন্ধ রয়েছে।

পল্টনের আব্দুল্লাহ ফার্মেসি অ্যান্ড সার্জিক্যাল স্টোরের হাসানুর রহমান বলেন, সরকারিভাবে দোকানপাট বন্ধের কোনো নির্দেশনা নেই। আজ বেচাকেনা বেশি হবে না, সেজন্য দোকানপাট বন্ধ রয়েছে।

এদিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আজ ঢাকায় মহাসমাবেশের আয়োজন করেছে বিএনপি ও সমমনা ১১টি রাজনৈতিক দল ও জোট। অপরদিকে শান্তি ও উন্নয়ন সমাবেশ করছে সরকারে থাকা আওয়ামী লীগ। সবমিলে ১২টির অধিক রাজনৈতিক দল ও জোটের সমাবেশ হচ্ছে।

এসবের মধ্যে আওয়ামী লীগ সমাবেশ করবে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে দুপুর ২টায়, বিএনপি নয়াপল্টনে নিজেদের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায়, বেলা ৩টায় কারওয়ান বাজার এফডিসিসংলগ্ন এলডিপি কার্যালয়ের সামনে দলটি সমাবেশ করবে, ১২ দলীয় জোট নামে একটি রাজনৈতিক জোট দুপুর ২টায় বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে সমাবেশ করবে, গণঅধিকার পরিষদ (নুরুল হক) বেলা ১১টায় বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে সমাবেশ করবে, জাতীয়তাবাদী সমমনা জোট দুপুর ২টায় পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে, গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া) বেলা ৩টায় পুরানা পল্টনের কালভার্ট রোডে সমাবেশ করবে।

এদিকে গণতান্ত্রিক বাম ঐক্য জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে দুপুর ১২টায়, গণতন্ত্র মঞ্চ বেলা ৩টায় সমাবেশ করবে জাতীয় প্রেস ক্লাবের সামনে, গণফোরাম ও পিপলস পার্টি দুপুর ১২টায় সমাবেশ করবে মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে, লেবার পার্টি বিকাল ৪টায় পুরানা পল্টন মোড়ে সমাবেশের ডাক দিয়েছে, বেলা ২টায় শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী, যদিও পুলিশ তাদের অনুমতি দেয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা