প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩ ১১:৫৫ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৩ ১২:০৬ পিএম
রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারের অগ্নিকাণ্ডে আকলিমা আক্তার নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় তিনজনের মৃত্যু হলো।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত দেড়টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৩৯ বছর বয়সি আকলিমা আক্তার কুমিল্লার দেবিদ্বার উপজেলার সৈয়দপুর গ্রামের মোখলেসুর রহমানের মেয়ে। বছিলায় থাকতেন তিনি।
আকলিমার ভাই মো. কায়েস প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমার বোন খাজা টাওয়ারের নয় তলায় একটি এনজিও অফিসে চাকরি করত। আগুন থেকে বাঁচার জন্য ওই ভবনের ১২ তলায় গেলে দগ্ধ হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, আকলিমার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারে হস্তান্তর করা হয়েছে। স্বজনরা মরদেহ গ্রামে নিয়ে গেছে।
এর আগে রাত সাড়ে ১২টার দিকে ৬৩ বছরের রফিকুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার ছেলে নাজমুল সাকিব বলেন, তার বাবা একটি কোম্পানির সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। রাজধানীর মিরপুরে তাদের বাসা।
একই ঘটনায় সন্ধ্যার দিকে ভবনের নয় তলার একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানের কর্মী হাসনা হেনা ভবন থেকে নামার সময় পড়ে মারা যান।