প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩ ২০:২০ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৩ ০০:৫৯ এএম
রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত ওই নারীর নাম হাসনা হেনা । তিনি ওই ভবনে অরবিট নামের একটি ইন্টারনেট সার্ভিস কোম্পানির সেলসে কাজ করতেন। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানিটির ডেপুটি ম্যানেজার নাজমুল হুদা।
তিনি জানান, মেয়েটি ৯ তলায় কাজ করত। আগুনের আতঙ্কে একটি তার ধরে গ্রিল টপকে নামার সময়ে তার ছিঁড়ে পড়ে যায়।
এ ছাড়া কোম্পানিটির আরেক সেলসম্যান মেহেদী হাসান আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়।
খাজা টাওয়ারে বৃহস্পতিবার বিকালে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। অগ্নিনির্বাপণে সেনা, নৌ ও বিমানবাহিনী ফায়ার সার্ভিসের সহায়তায় যোগ দিয়েছে।
ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাজাহান শিকদার জানান, ১৪ তলাবিশিষ্ট খাজা টাওয়ারের ১৩ তালায় আগুন লেগেছে। তারা বিকাল ৪টা ৫৮ মিনিটে আগুন লাগার খবর পান। প্রথম ইউনিট পৌঁছায় বিকাল ৫টা ৭ মিনিটে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। আরও চারটি ইউনিট কিছুক্ষণের মধ্যে যোগ দেবে। ভবন থেকে এরই মধ্যে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।