প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩ ১৯:৩৫ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩ ২০:৩২ পিএম
আটক মো. নজরুল ইসলাম। সংগৃহীত ছবি
জাতীয় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সার্জেন্ট পরিচয় দিয়ে তদবির করার অভিযোগে মো. নজরুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিবের দপ্তর থেকে তাকে আটক করে গোয়েন্দা কর্মকর্তারা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক নজরুল ইসলামের বাড়ি পটুয়াখালী। তার দাবি, ২০১৮ সালে তিনি ডিজিএফআই থেকে অবসরে নিয়েছেন। কোনো তদবিরের সঙ্গে তিনি জড়িত নন।
সচিবালয়ে কর্মরত ডিজিএফআইয়ের এক কর্মকর্তা বলেন, ’নজরুল ইসলাম নামে এক ব্যক্তি নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে দুই বছর ধরে সচিবালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে তদবির করে আসছিলেন বলে আমাদের কাছে অভিযোগ ছিল। তিনি মন্ত্রী-সচিবদের কাছে নিয়মিত তদবির করতেন। অনেক মন্ত্রী-সচিব বুঝতে পারতেন না তিনি ভুয়া। আমরা তাকে ধরার চেষ্টা করছিলাম। অবশেষে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিবের কক্ষে অবস্থানের সময় তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। তিনি ডিজিএফআইয়ের ভুয়া একটা কার্ড বানিয়েছেন। তিনি ডিজিএফআইয়ে ছিলেন এটা ভুয়া কথা।’
সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের উপকমিশনার হুমায়ুন কবির বলেন, ’নজরুল ইসলাম নিজেকে ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা বলে পরিচয় দিলেও আদৌ তিনি ডিজিএফআইয়ে ছিলেন কি না, তা যাচাই করতে জিজ্ঞাসাবাদ করা হবে।‘