প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩ ১২:২৯ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৩ ১২:৩৮ পিএম
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস সেন্টারে মিট দ্য প্রেস নবনিযুক্ত ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। প্রবা ফটো
ডিএমপির থানাগুলোতে সেবার মান বাড়াতে ‘মেসেজ টু কমিশনার’ চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান।
তিনি বলেন, ‘মেসেজ টু কমিশনারে ভুক্তভোগীরা থানায় গেলে সেবা না পেলে যে কেউ কমিশনার বরাবর মেসেজ দিতে পারবেন। এ ছাড়া ডিবিতে যেয়েও সেবা না পেলে যে কেউ মেসেজের মাধ্যমে সরাসরি আমাকে জানাতে পারবেন।’
সোমবার (২ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস সেন্টারে মিট দ্য প্রেস নবনিযুক্ত ডিএমপি কমিশনার এসব কথা বলেন।
হাবিবুর রহমান বলেন, ‘ট্র্যাডিশনাল ক্রাইম থেকে ডিএমপির ক্রাইমের ধরন আলাদা। নতুন ক্রাইমের দিকে ধাবিত হচ্ছে ডিএমপিতে। এর বড় কারণ প্রযুক্তি। সাইবার ক্রাইম মোকাবিলায় ডিএমপি উন্নত প্রযুক্তি ব্যবহার করে অপরাধ নিয়ন্ত্রণ করে যাচ্ছে। ডিএমপির দক্ষতা ও যোগ্যতা অনেক বেশি।’
তিনি বলেন, ‘চুরি, ডাকাতি, ছিনতাই ট্র্যাডিশনাল ক্রাইম থেকে ডিএমপির ক্রাইমের ধরন আলাদা। নতুন ধরনের ক্রাইমের অভিযোগ আসছে ডিএমপিতে। এর বড় কারণ প্রযুক্তি। সাইবার ক্রাইম মোকাবিলায় ডিএমপি উন্নত প্রযুক্তি ব্যবহার করে অপরাধ নিয়ন্ত্রণ করে যাচ্ছে। ডিএমপির দক্ষতা ও যোগ্যতা অনেক বেশি।’
ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকাকে নিরাপদ ও অপরাধমুক্ত করতে পুলিশ সব ব্যবস্থা নেবে। অনুমতি ছাড়া কোনো সভা-সমাবেশ করতে দেওয়া হবেনা। যদি কেউ করতে চায় ডিএমপি অধ্যাদেশ অনুযায়ী পুলিশ নির্ভয়ে এবং নির্বিঘ্নে ব্যবস্থা নেবে।’
ট্রাফিক ব্যবস্থা উন্নয়নের জন্য কাজ করবেন জানিয়ে তিনি বলেন, ‘ঢাকা সব নিরাপদ করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। সামনের নির্বাচনে অবৈধ আগ্নেয়াস্ত্রের ঝনঝনানি থাকতে পারে- এটা চ্যালেঞ্জ। আমাদেরকে এটা নিয়েও কাজ করতে হবে।’
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।