প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩ ২০:২৬ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩ ২১:১০ পিএম
রাজধানীর খিলগাঁও ত্রিমোহনী এলাকায় জমি দখলের উদ্দেশ্যে মুক্তিযোদ্ধার বসতবাড়িতে আগুন, মিথ্যায় মামলায় ফাঁসানো ও পুলিশি হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সম্প্রতি মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের স্ত্রী আলেয়া ইসলাম প্রতিকার চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন।
অভিযোগে আলেয়া উল্লেখ করেন, তার স্বামী মুক্তিযোদ্ধা। ১৯৮৬ সালে গহনা বিক্রি করে দুটি দলিলে তিনি ১১ দশমিক ২০ শতাংশ জমি কেনেন। সেখানে টিনশেড বাড়ি তৈরি করে ৪০ বছর ধরে ভোগদখল ও স্বামী-সন্তানসহ বসবাস করছেন। তার বসতবাড়ির ১ শতাংশ জমি ১/১ খতিয়ানে যাওয়ায় তিনি রেকর্ড সংশোধনের মামলা করেন এবং পক্ষে রায় পান। ওই এক শতাংশেরও নামজারিসহ খাজনা পরিশোধ করে তারা ভোগদখলে আছেন। ওই জমির মালিক আলেয়া। প্রতিবেশী মামুনুর রশীদ জমি দখলের উদ্দেশ্যে আলেয়ার স্বামী নূরুল ইসলামকে আসামি করে আদালতে একটি সিআর মামলা করেন। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। পিবিআইয়ের তদন্তেও দেখা যায়, আগুনের পোড়ার চিহ্ন ও চুরিসহ বিভিন্ন অত্যাচার নির্যাতনের মধ্যে তারা ওই বাড়িতে বসবাস করছেন।
আলেয়া আরও উল্লেখ করেন, তার স্বামী ও সন্তানরা বেকার। মুক্তিযোদ্ধা ভাতায় তার সংসার চলে। তাদের পরিবারের একমাত্র সম্বল বাড়িটুকু দখলের উদ্দেশ্যে মামুনুর রশীদসহ কিছু মহল হয়রানি করছে। তারা বাড়িতে সময়ে-অসময়ে পুলিশ পাঠিয়ে হয়রানি করছে। আলেয়া তার সহায়-সম্বল রক্ষার জন্য মন্ত্রণালয়ে আবেদন জানান।
আলেয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেন, কিছুদিন আগে ভোর ৩টার দিকে বাহাদুর নামে একজন পুলিশ আমার বাসায় আসে, বলে আমি অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। আমি বলি যে আমি মুক্তিযোদ্ধার স্ত্রী, আমার স্বামী এলাকার সম্মানিত মানুষ। আপনি এসব কথা কীভাবে বলেন। পরে আমাদের পরিচিত অপর এক পুলিশ সদস্য তার সঙ্গে কথা বলেন। ওই সময় ওই পুলিশ সদস্য বলে এক সাংবাদিক তাকে সেখানে পাঠিয়েছেন। পরে বাহাদুর চলে যান। তবে বাহাদুর কোন থানার পুলিশ, সেটা বলতে পারেননি আলেয়া।
তিনি আরও জানান, এর মধ্যে এক দিন ভোররাতে জনৈক পাগলকে দিয়ে বাসায় আগুন দেওয়া হয়। লোকজন চিৎকার করলে আমি ও আমার ছেলে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভাই। পরে ওই পাগল বলে প্যান্ট-শার্ট পরা এক ব্যক্তি তাকে বাড়িতে আগুন দিতে বলেছে।
এ বিষয়ে খিলগাঁও থানার ওসি মনির হোসেন মোল্লা বলেন, এ রকম কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।