প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ২২:৫৪ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ২৩:০০ পিএম
ডলার। ছবি: সংগৃহীত
ডলার কারসাজি ও হুন্ডি ঠেকাতে ঢাকার উত্তরা এলাকার মানি এক্সচেঞ্জগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে সিআইডি।
রবিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরা এলাকার কুশল ভবনের মানি এক্সচেঞ্জগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন- সাইফুল হাসান ভূইয়া (নোভা মানি এক্সচেঞ্জের এমডি), মো. নাইমূল ইসলাম সুজন (নোভা মানি এক্সচেঞ্জের কর্মচারী), মো. আব্দুল আউয়াল, (নোভা মানি এক্সচেঞ্জের কর্মচারী), রেজাউল করিম সোহেল ( উত্তরা লতিফ এম্পোরিয়াম মার্কেটের আল মদিনা ফটোস্ট্যাটের মালিক) এবং মো. রফিকুল ইসলাম মানিক (মার্ক মানি এক্সচেঞ্জের মালিকপক্ষের প্রতিনিধি)।
নগদ ডলার কারসাজি ও হুন্ডি প্রতিরোধে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও বাংলাদেশ ব্যাংকের চলমান যৌথ অভিযানের অংশ হিসেবে অভিযানে অনিয়ম পাওয়ায় সিআইডি কর্তৃক তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়।
অভিযানের প্রাপ্ত তথ্য মোতাবেক, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা লঙ্ঘন করে একাধিক কাউন্টার খুলে গোপনে নির্ধারিত হারের চেয়ে বেশি দামে ডলার বিক্রি, রেজিস্ট্রারে অসংগতিপূর্ণ লেনদেন প্রদর্শন, হিসাব বহির্ভূত ফরেন কারেন্সি মজুদসহ নানাবিধ অনিয়মে জড়িত বেশ কয়েকটি মানি এক্সচেঞ্জেের সংশ্লিষ্টতা পাওয়া যায়।
অভিযান পরিচালনাকালে সবচেয়ে বেশি অনিয়ম পাওয়া যায় নোভা এবং মার্ক মানি এক্সচেঞ্জে। গুরুতর অনিয়মের ভিত্তিতে নোভা মানি এক্সচেঞ্জে অভিযান পরিচালনাকালে বিভিন্ন কাউন্টার হতে ৭ হাজার ২৪৭ ইউএস ডলার, ৮৮ হাজার ৯৪০ ভারতীয় রুপি, ৬৫ হাজার ৯৬৫ নেপালী রুপি, ৮ হাজার ১১৪ সৌদি রিয়াল, ১১ হাজার রিংগিত, ৩৭ হাজার ৭০০ রুবল, ৯ হাজার ৮২৫ ইউরো এবং ১ হাজার ৫৯০ পাউন্ড-সহ ৩৯ টি দেশের ফরেন কারেন্সি জব্দ করা হয়।
এ ছাড়া, উত্তরা এলাকার প্যারাডাইস, রিল্যায়াবল, ঢাকা, প্যারামাউন্ট, এইচ এস, রামাদা, রুবি মানি এক্সচেঞ্জ পরিদর্শন করা হয় এবং সঠিক নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করার জন্য মালিক পক্ষকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, অভিযানে প্রাপ্ত অবৈধ ফরেন কারেনন্সিসহ বাংলা টাকা এবং নোভা মানি এক্সচেঞ্জের তিনজন, পার্শ্ববর্তী আল মদিনা ফটোস্ট্যাটের মালিক এবং মার্ক মানি এক্সচেঞ্জের ইনচার্জসহ মোট পাঁচজনকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।