প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩ ১৩:৪৯ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩ ১৩:৫৪ পিএম
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি
রাজধানীর ভাটারায় একটি রেস্টুরেন্টে গ্যাসের চুলা মেরামতের সময় অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ হয়েছেন। বুধবার (২৯ আগস্ট) সকাল ৯টার দিকে ভাটারার ক্যাফে ফোর স্টার রেস্টুরেন্টে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, খাদিজা বেগম, রহিমা আক্তার, মো. তারেক ও হারিস আলী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ভাটারা নতুন বাজার এলাকার একটি হোটেল থেকে চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের দুজনকে চিকিৎসা শেষে পাঠিয়ে দিয়েছে। বাকি দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, ভাটারার নতুন বাজার একটি হোটেল থেকে অগ্নিদগ্ধ হয়ে চারজন আমাদের এখানে এসেছে। তাদের চারজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। দুজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি। বাকি দুজন পর্যবেক্ষণে আছে। তাদের অবস্থা শঙ্কামুক্ত।
আহতদের সহকর্মী বাবুল জানান, আমরা সবাই সকালের দিকে কাজ করছিলাম। এই সময় গ্যাসের সিলিন্ডারে সমস্যা দেখা দেয়। তখন মেরামত করার সময় গ্যাসের লাইন থেকে বিস্ফোরণ ঘটে। এতে আমাদের চার সহকর্মী আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।