× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিটিআই জালিয়াতি

চীনা নাগরিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, ৩ কর্মকর্তাকে শোকজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩ ২০:২৩ পিএম

আপডেট : ২২ আগস্ট ২০২৩ ২০:৩৪ পিএম

গুলশান থানা। সংগৃহীত ফটো

গুলশান থানা। সংগৃহীত ফটো

এডিস মশার লার্ভা নিধনের জৈব কীটনাশক বিটিআই (বাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস) আমদানিতে জালিয়াতির ঘটনায় চীনা নাগরিক লি কিয়াংসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংস্থাটির সহকারী ভান্ডার ও ক্রয় কর্মকর্তা মো. রাহাত আল ফয়সাল এ তথ্য জানিয়েছেন। তা ছাড়া দরপত্র মূল্যায়ন কমিটির তিন কর্মকর্তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সংস্থাটি।

সোমবার (২১ আগস্ট) রাতে রাজধানীর গুলশান থানায় দায়ের করা প্রতারণার মমলায় সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যাল কোম্পানির বিক্রয় ব্যাবস্থাপক ও বিটিআই বিশেষজ্ঞ দাবি করা চীনা নাগরিক লি কিয়াং ছাড়াও সরবরাহকারী প্রতিষ্ঠান মার্শাল অ্যাগ্রোভেট কেমিকেল ইন্ডাস্ট্রিজের তিনজনকে আসামি করা হয়েছে। তারা হলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক আলাউদ্দিন ও নির্বাহী পরিচালক নাসির উদ্দিন আহমেদ।

 

ডিএনসিসির আইনজীবী সাজেদ আহমেদ বলেন, লি কিয়াং নিজেকে সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছেন। কিন্তু বেস্ট কেমিক্যাল কোম্পানি আমাদের লিখিতভাবে জানিয়েছে, তিনি বেস্ট কেমিক্যালের কেউ নন। এজন্য তাকেও আসামি করেছেন। তিনি এই মামলার চার নম্বর আসামি।

 

ডিএনসিসির আইনজীবী বলেন, মার্শাল অ্যাগ্রোভেট বিটিআই সরবরাহ করেছে মোড়কজাত করে। যে উৎপাদকের কথা বলে তারা পণ্যটি সরবরাহ করেছে, ওই প্রতিষ্ঠান জানিয়েছে- পণ্যটি তাদের নয়। এজন্য তারা দণ্ডবিধির ৪২০, ৪০৬, ৪৬৩ এবং ১০৯ ধারার অধীনে সরবরাহকারী প্রতিষ্ঠান মার্শাল অ্যাগ্রোভেটের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন।

 

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী বলেন, ডিএনসিসি থেকে একটি প্রতারণা ও জালিয়াতির অভিযোগ পেয়েছেন। এ বিষয়ে মামলা রুজু হয়েছে। তারা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।

 

মামলার এজহারে উল্লেখ করা হয়, ১৯ মে মার্শাল অ্যাগ্রোভেটকে বিটিআই আমদানির কার্যাদেশ দেওয়া হয় এবং ২১ মে এ বিষয়ে একটি চুক্তি হয়। এর পরিপ্রেক্ষিতে ১ আগস্ট মার্শাল অ্যাগ্রোভেট ডিএনসিসিকে বিটিআই হস্তান্তর করে। এসব কীটনাশকের মোড়কের তথ্য অনুযায়ী সেগুলো সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যাল থেকে আনা হয়েছে। ১৪ আগস্ট সরবরাহকারী প্রতিষ্ঠানকে চিঠি দেয় ডিএনসিসি। পরে বেস্ট কেমিক্যাল জানায় যে, তারা মার্শাল অ্যাগ্রোভেট নামে কোনো প্রতিষ্ঠানকে বিটিআই সরবরাহ করেনি। আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতি ও প্রতারণা করে কীটনাশক সরবরাহের মাধ্যমে টাকা আত্মসাতের জন্য এ কাজ করেছে।


সরবরাহ করা পাঁচ টন বিটিআই সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যালের উৎপাদিত এবং সরবরাহ করা কি-না তা জানতে মার্শাল অ্যাগ্রোভেটকে চিঠি দেয় ডিএনসিসি। এর উত্তরে গত ১৭ আগস্ট মার্শাল অ্যাগ্রোভেটের পাঠানো চিঠির বিষয়ে মশক নিধন কীটনাশক ও যন্ত্রপাতি কারিগরি ও যাচাই কমিটির সভায় পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় দেখা যায়, প্রতিষ্ঠানটির সরবরাহ করা বিটিআই যে বেস্ট কেমিক্যালের উৎপাদিত এবং সরবরাহ করা হয়েছে- এর সপক্ষে কোনো প্রমাণ দাখিল করতে পারেনি মার্শাল অ্যাগ্রোভেট।


এ বিষয়ে সত্যতা যাচাইয়ের জন্য ডিএনসিসির ভান্ডার ও ক্রয় বিভাগের দাপ্তরিক ই-মেইল থেকে সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যালের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, বেস্ট কেমিক্যাল সিঙ্গাপুর থেকে মার্শাল অ্যাগ্রোভেটকে বিটিআই সরবরাহ করেনি এবং মার্শাল অ্যাগ্রোভেট ওই প্রতিষ্ঠানের নিযুক্ত পরিবেশক না। এ ছাড়া মার্শাল অ্যাগ্রোভেট মি. লি কিয়াং নামের যাকে বেস্ট কেমিক্যালের বিটিআই এক্সপার্ট ও রপ্তানি ব্যবস্থাপক বলে দাবি করেছে, তিনি বেস্ট কেমিক্যালের কর্মচারী নন।

 

ডিএনসিসির ৩ কর্মকর্তাকে শোকজ


ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের নির্দেশে বিটিআই জালিয়াতির ঘটনায় দরপত্র মূল্যায়ন কমিটিতে থাকা তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শেকজ) দিয়েছে সংস্থাটি। এই তিন কর্মকর্তা হলেন ডিএনসিসির সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জোবায়দুর রহমান, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা রামেন্দ্রনাথ বিশ্বাস এবং সহকারী ভান্ডার ও ক্রয় কর্মকর্তা রাহাত আল ফয়সাল।

 

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নোটিশে দরপত্র প্রক্রিয়ায় পিপিআর অনুযায়ী সব কাগজপত্র দেখে মূল্যায়ন হয়েছে কি না এবং পিপিআরের কোনো ব্যত্যয় হয়েছে কি না, এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে আগামী সাত দিনের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে।

 

এ বিষয়ে জানতে মঙ্গলবার (২২ আগস্ট) রমেন্দ্র নাথ বিশ্বাসকে ফোন করা হলেও তিনি ধরেননি। সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জোবায়দুর রহমান জানান, তিনি এখনও শোকজের চিঠি হাতে পাননি।


এর আগে গত ৭ আগস্ট এক অনুষ্ঠানে সিঙ্গাপুর থেকে পাঁচ টন বিটিআই আনার কথা জানিয়েছিল ডিএনসিসি। একই সঙ্গে পরীক্ষামূলকভাবে এর প্রয়োগও শুরু করা হয়। পরে জালিয়াতির বিষয়টি সামনে আসলে মার্শাল অ্যাগ্রোভেটকে কালো তালিকাভুক্ত করে ডিএনসিসি। বিটিআই আমদানি জালিয়াতির এ ঘটনা তদন্তে ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শরীফ উদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা