প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ অক্টোবর ২০২২ ২২:০৯ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২২ ২২:১৫ পিএম
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমন্ডি শাখার শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ করেন। প্রবা : সংগৃহীত
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমন্ডি শাখার শিক্ষার্থী ও অভিভাবকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। প্রায় ৪ ঘণ্টা কর্মসূচি চলার পর বিকালে কলেজের অধ্যক্ষ কামরুন নাহার ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে আশ্বস্ত করলে আন্দোলনকারীরা রাস্তা ছাড়েন।
এর আগে দুপুর ১২টায় এ বিক্ষোভ শুরু হলে ধানমন্ডির সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাবে রাজধানীর অন্যান্য এলাকায়ও যানজট পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে।
আন্দোলনকারী শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, ধানমন্ডিতে তাদের ক্যাম্পাস বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে বলে তারা জানতে পেরেছেন। ওই শাখার সুনাম আছে এমন শিক্ষকদের অন্য শাখায় বদলি করে দেওয়া হবে বলে তারা জেনেছেন। বিষয়টি নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। তাই তারা প্রথমে স্কুলের সামনে মানববন্ধন ও পরে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাস্তায় অবস্থান করেন।
ভিকারুননিসা স্কুলের অধ্যক্ষ কামরুন নাহার না আসা পর্যন্ত রাস্তা ছাড়বেন না বলে ঘোষণা দেন বিক্ষোভরত শিক্ষার্থী ও অভিভাবকরা।
শিক্ষার্থী ও অভিভাবকরা যখন আন্দোলন করছিলেন তখন ধানমন্ডি শাখার শিক্ষক ফারহানা খানম অধ্যক্ষের পক্ষ থেকে সেখানে অবস্থান করছিলেন। ধানমন্ডি ক্যাম্পাস বন্ধের চেষ্টা হচ্ছে বলে শিক্ষার্থীদের করা অভিযোগের বিষয়ে ফারহানা খানম বলেন, একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এ রকম গুজব ছড়াচ্ছে।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, ধানমন্ডির ক্যাম্পাস সরানোর কোনো পরিকল্পনা আমাদের নেই। স্থায়ী ক্যাম্পাসের দাবির বিষয়ে তিনি শিক্ষার্থীদের আশ্বাস দেন।
প্রবা/এইচকে/এমআই