প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩ ২০:১৯ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৩ ২০:৫৪ পিএম
রাজধানীর বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো
বাংলাদেশ ও ভারতের প্রকাশকদের
উদ্যোগে পর্যায়ক্রমে উভয় দেশে অনুষ্ঠিত হবে ‘বাংলা সাহিত্য উৎসব ও বইমেলা’। এক বছর ঢাকায় পরের বছর কলকাতায়
অনুষ্ঠিত হবে এই সাহিত্য উৎসব ও বইমেলা। এই উদ্যোগের অংশ হিসেবে ২৭ অক্টোবর থেকে
৩ নভেম্বর পর্যন্ত আট দিনব্যাপী প্রথম আয়োজনটি অনুষ্ঠিত হবে ঢাকায়।
বৃহস্পতিবার
(১৭ আগস্ট) রাজধানীর বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) কেন্দ্রীয়
কার্যালয়ে বাপুস, পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড এবং কলকাতার কর্মকর্তাদের যৌথ
সভায় এই সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ
ও ভারতের বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর মাঝে সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবে বাংলাদেশ ও
পশ্চিমবঙ্গের প্রকাশকেরা এই উদ্যোগ নিয়েছে। ঢাকায় আয়োজিত আসন্ন উৎসবে বাংলাদেশের শিল্পী,
সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের পাশাপাশি পশ্চিমবঙ্গের খ্যাতিমান শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীরাও
উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। একইভাবে কলকাতায় আয়োজিত উৎসবেও উভয় দেশের খ্যাতিমান
শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা অংশ নেবেন।
সাহিত্য
উৎসব ও বইমেলায় বিষয়ভিত্তিক সেমিনার, লেখক-পাঠক মতবিনিময়সহ নানা ধরনের আয়োজন থাকবে।
আন্তর্জাতিক
বইমেলা স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ও বাপুসের রাজধানী কমিটির সভাপতি মাজহারুল ইসলামের
সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাপুসের কেন্দ্রীয় সভাপতি আরিফ হোসেন ছোটন,
পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড, কলকাতার সভাপতি সুধাংশুশেখর দে, সাধারণ সম্পাদক
ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, বাপুসের সহসভাপতি শ্যামল পাল, উপদেষ্টা ওসমান গনি, কবি
তারিক সুজাত প্রমুখ।