বিটিআই জালিয়াতি নিয়ে মেয়র আতিক
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩ ১৩:০০ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৩ ১৪:২৮ পিএম
মেয়র আতিকুল ইসলাম। ফাইল ছবি
মশা মারার ওষুধ বিটিআই নিয়ে জালিয়াতির অভিযোগ ওঠার পর সরবরাহকারী প্রতিষ্ঠান মার্শাল এগ্রোভেটের কাছে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি এও জানিয়েছেন, বিটিআই নিয়ে অভিযোগ পাওয়ার পর তা প্রয়োগ বন্ধ রাখা হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরের সুচনা কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের এসব কথা জানান মেয়র আতিকুল।
ডিএনসিসি মেয়র মশাক নিধনে সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে এ এলাকা পরিদর্শনে আসেন।
আতিকুল ইসলাম বলেন, ‘মার্শাল এগ্রোভেট যেহেতু দাবি করেছে তারা সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যালস থেকে ওষুধ এনেছে। সেজন্য তাদের কাছে আরও তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে জানতে চাওয়া হয়েছে তারা কোন কোম্পানি থেকে এনেছে এবং কার মাধ্যমে এনেছে।’
তিনি বলেন, ‘পাঁচ টন বিটিআই মাত্র আনা হয়েছে পরীক্ষামূলক ভাবে, আমাদের প্রয়োজন হবে হাজার টন। চাইলে বিটিআই সংগ্রহ করে যে কেউ পরীক্ষা করে দেখতে পারেন যে এটা কার্যকরী বিটিআই কি না।’
মেয়র দাবি করেন, ‘প্ল্যান প্রটেকশন নীতি অনুযায়ী এই বিটিআই যে কেউ আমদানি করতে পারবে। ফলে সবচেয়ে কম দামে যে কোম্পানি পিপিআর দিয়েছে, মার্শাল এগ্রোভেট তাদের কাজ দেয়। পিপিআরে কোথাও বলা ছিল না কোন দেশ থেকে আনতে হবে। আনার পরে জাহাঙ্গীরনগর কীটতত্ব বিভাগে পরীক্ষা করা হয়, সেখানে কার্যকর প্রমাণিত হয়। পরবর্তী ডিএনসিসি ইভ্যুলেশন কমিটি, আইইডিসিআর সবাই এটাকে কার্যকর বলেছে।’