প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩ ১৮:২৯ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩ ২১:১১ পিএম
ছবি: সংগৃহীত
কারিগরি ত্রুটির কারণে সোমবার (৭ আগস্ট) সকালে নির্ধারিত সময়ের ৪০ মিনিট পর মেট্রোরেল ছাড়ে। রেল ট্র্যাকে বৃষ্টির পানি আটকে থাকায় এই ত্রুটি দেখা দেয়। ফলে বিড়ম্বনায় পড়েন অফিসগামীরা।
বিষয়টি নিয়ে যাত্রীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও লেখালেখি করেন।
মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানি ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের এক কর্মকর্তা (ডিএসটিসিএল) প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, উত্তরা থেকে আগারগাঁওমুখী সকাল ৮টার ট্রেন সিগন্যাল ড্রপের কারণে ৮টা ৪০ মিনিটে ছেড়ে যায়। সকালে রেল ট্র্যাকে বৃষ্টির পানি জমে থাকে। স্বয়ংক্রিয়ভাবে চলা ট্রেনের সিগন্যাল বাতিল করে পানি অপসারণ করা হয়্। সিগন্যাল চালু করে ট্রেন চালাতে ৪০ মিনিট সময় লাগে।
ওই কর্মকর্তা আরও জানান, একক যাত্রার টিকিটের ৪০ মিনিটি সক্রিয় থাকে। উত্তরা স্টেশনে সময় ক্ষেপনের জন্য যাত্রীদের পুনরায় ১ ঘণ্টার জন্য সক্রিয় করে দেওয়া হয়। সিগন্যাল বন্ধ থাকা অবস্থায় যাত্রীদের একক যাত্রার টিকিট বিক্রি কিছু সময়ের জন্য বন্ধও রাখা হয়।
ঢাকার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পথে এখন মেট্রোরেল চলাচল করছে। দেশের প্রথম এই মেট্রোরেল ব্যবস্থা গত ২৮ ডিসেম্বর উদ্বোধন করা হয়। শুরুতে কয়েকটি স্টেশনে মেট্রোরেল চলাচল করত। এখন স্টেশন সংখ্যা বেড়েছে। চলাচলের সময়ও বেড়েছে।
ডিএমটিসিএলের ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করে। শুক্রবার সাপ্তাহিক ছুটি।