প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩ ২০:৪৯ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৩ ২১:০০ পিএম
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পুরস্কার-২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোকাস বাংলা
রাজধানী ঢাকাসহ সারা দেশে শ্রদ্ধা ভালোবাসায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ ছেলে, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে।
শনিবার (৫ আগস্ট) সকালে বনানী কবরস্থানে শেখ কামালের সমাধিতে আওয়ামী লীগ শ্রদ্ধা জানায়। পুষ্পস্তবক অর্পণ শেষে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আজকে শহীদ শেখ কামালের জন্মদিন। মানুষের জন্মদিন কতই আনন্দের হয়, কিন্তু আমাদের জীবনে আজকে শোকের বার্তা বয়ে যাচ্ছে।’
বনানী কবরস্থানে শেখ কামালের সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনে এক অনুষ্ঠানে ১০ টাকা মূল্যমানের ডাকটিকিট, স্ট্যাম্প, ১০ টাকার উদ্বোধনী খাম এবং ৫ টাকার ডেটা কার্ড সংবলিত একটি স্যুভেনির শিট উন্মোচন করেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পুরস্কার-২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি ক্রীড়ায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুটি প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করেন। এ সময় তিনি ‘শেখ কামাল : ক্ষণজন্মা এক নক্ষত্র’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।
এদিন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। কলাবাগান ক্রীড়া চক্র মাঠ প্রাঙ্গণে স্বেচ্ছাসেবক লীগ আলোচনা সভার আয়োজন করে। বঙ্গবন্ধু পরিষদের নেতারা ধানমন্ডি সাত মসজিদ রোডের আবাহনী মাঠে শহীদ শেখ কামাল স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। শেখ কামালের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
শেখ কামালের প্রতিকৃতিতে আইজিপির শ্রদ্ধা
শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের পক্ষে গতকাল রাজধানীর ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ ফেডারেশনের অন্য কর্মকর্তা এবং বাংলাদেশ কাবাডি জাতীয় দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সঙ্গে সপরিবারে শহীদ হন।
গোপালগঞ্জে প্রতিকৃতিতে শ্রদ্ধা
সকাল সাড়ে ৯টায় জেলা শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে শেখ কামালের প্রতিকৃতিতে প্রথমে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও পরে পুলিশ সুপার আলবেলী আফিফা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, গোপালগঞ্জ পৌরসভা, শেখ ফজিলাতুন নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন সংগঠন, স্কুল-কলেজের পক্ষে শ্রদ্ধা জানানো হয়।
জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বঙ্গবন্ধু, শেখ কামাল ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।