× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ থেকে দ্বিগুণ দামে কিনতে হবে ওয়াসার এটিএম বুথের পানি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৩ ০১:০০ এএম

আপডেট : ০১ আগস্ট ২০২৩ ০১:০৭ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা ওয়াসার এটিএম বুথের পানির দাম আজ থেকে দ্বিগুণ হচ্ছে। বর্তমানে এ পানি প্রতি লিটার ৪০ পয়সা দিয়ে কিনছেন গ্রাহকরা। এখন থেকে প্রতি লিটার পানি কিনতে হবে ৮০ পয়সায়। দাম বৃদ্ধির কারণ হিসেবে উৎপাদন খরচ বৃদ্ধির কথা বলছে কর্তৃপক্ষ।

সোমবার (৩১ জুলাই) বুথে বুথে নোটিস দিয়ে গ্রাহকদের দাম বৃদ্ধির বিষয়টি জানিয়েছে ওয়াসা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, যে দামে এটিএম বুথের মাধ্যমে গ্রাহককে পানি দেয় ওয়াসা, তাতে খরচ ওঠে না। বিদ্যুৎ বিল, কর্মীদের বেতন ভাতা, পানি সরবরাহে এটিএম বুথ স্থাপনসহ বিভিন্ন খরচ আছে। এতদিন ভর্তুকি দিয়ে গ্রাহককে এই সেবা দেওয়া হচ্ছে। ভর্তুকির পরিমাণ কমানোর জন্য দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এটিএম বুথ প্রকল্পের প্রকল্প পরিচালক রামেশ্বর দাস বলেন, লিটারপ্রতি ৩০ পয়সা বাড়ানো হয়েছে। এতে প্রতি লিটারের দাম হবে ৭০ পয়সা। বাকি ১০ পয়সা কর বাবদ গ্রাহককে পরিশোধ করতে হবে। ১ আগস্ট থেকে এ দাম কার্যকর হবে।

বর্তমানে ঢাকা ওয়াসার ৩২১টি পানির এটিএম বুথ রয়েছে। এর মধ্যে চালু আছে ২৯৪টি। ওয়াসার পানির পাম্পগুলোতে এসব এটিএম স্থাপন করা আছে। এখান থেকে প্রতিদিন গড়ে প্রায় ১৪ লাখ লিটার পানি বিক্রি করছে ঢাকা ওয়াসা।

ব্যাংকের এটিএম বুথের অনুকরণে বিভিন্ন এলাকায় ঢাকা ওয়াসার গভীর নলকূপের সঙ্গে বছর দশেক আগে ঢাকা ওয়াসা পানির এটিএম বুথ স্থাপন করে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ড্রিংকওয়েল ও ঢাকা ওয়াসা যৌথভাবে এটিএম স্থাপনসহ সার্বিক কার্যক্রম পরিচালনা করছে।

এ উদ্যোগের ফলে স্বল্পমূল্যে গ্রাহক সুপেয় পানি পেতে শুরু করে। গ্রাহকের মধ্যেও এটিএমের পানি সংগ্রহ করতে ব্যাপক আগ্রহ তৈরি হয়। এরপর ঢাকা ওয়াসা এটিএম বুথের সংখ্যা প্রতিবছরই বাড়িয়েছে। এটিএম বুথ থেকে গ্রাহককে পানি সংগ্রহ করতে হলে বুথ সংলগ্ন অফিস থেকে ৫০ টাকা দিয়ে একটি কার্ড সংগ্রহ করতে হয়। সেখান থেকেই কার্ডে টাকা রিচার্জ করতে হয়। সর্বনিম্ন ১০ টাকা থেকে সর্বোচ্চ ৯৯৯ টাকা পর্যন্ত রিচার্জ করা যায়। এরপর ওই কার্ডটি এটিএম বুথে প্রবেশ করিয়ে প্রয়োজন অনুযায়ী পানি সংগ্রহ করা যায়।

গ্রাহকের চাহিদা অনুযায়ী পানি পাত্রে পড়ার পর ট্যাপ বন্ধ হয়ে যায়। ওই পরিমাণ অর্থ কার্ড থেকে কেটে রাখা হয়। কার্ডের টাকা শেষ হয়ে গেলে আবারও কার্ড রিচার্জের সুযোগ পান গ্রাহকরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা