প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩ ১৪:৪৬ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩ ১৪:৪৮ পিএম
কারবালার চেতনা আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল।
তিনি বলেন, কারবালার শোকাবহ ঘটনা স্মৃতিতে অম্লান। পবিত্র আশুরা সত্য ন্যায়ের পথে চলার প্রেরণা ও শক্তি যোগায়। ১০ মহরম পবিত্র আশুরা সমগ্র মুসলিম জাহানের জন্যে এক শোকাবহ দিন। ৬১ হিজরির এই দিনে হযরত ইমাম হুসাইন (রাঃ) ও তার পরিবারের সদস্যগণ এবং সহচরবৃন্দ কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে বিশ্বাস ঘাতক ইয়াজিদের সৈন্যদের হাতে শাহাদাৎ বরণ করেন। ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখার জন্যে তাদের এই আত্মত্যাগ ইতিহাসে চিরদিন উজ্জ্বল হয়ে থাকবে।
সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে শনিবার (২৯ জুলাই) বিকেলে ঢাকার সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচি কাঁচা মিলনায়তনে ‘শুহাদায়ে কারবালা মাহফিল ও মার্সিয়া’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে তিনি সবাইকে ধর্মীয় বিধি-বিধান মেনে চলার আহ্বান জানান গনি মিয়া বাবুল।
সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শাহ্ সুফি আল্লামা তৌহিদুল ইসলাম চিশতী নিজামীর সভাপতিত্বে ও মহাসচিব মুহাম্মদ আনিসুর রহমান জাফরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা খন্দকার গোলাম মওলা নকশেবন্দী।