প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩ ১৮:২৪ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩ ১৮:৫২ পিএম
প্রয়াত জাফরুল্লাহ চৌধুরীর বাসায় এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা করেন ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর বাসায় এডিস মশার লার্ভা পাওয়ায় তার ছেলে বারীষ হাসান চৌধুরীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৬ জুলাই) ধানমন্ডি ৯/এ এলাকার ৫১ নং হোল্ডিংয়ে ‘বৈভ্রাজ’ নামক বাড়ির চারপাশে ও বাড়ির ছাদে মশার লার্ভা পাওয়ায় ডিএসসিসির অঞ্চল-১-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মনজুরুল হকের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
এ ছাড়াও ডিএসসিসির আওতাধীন খিলগাঁও, মায়াকানন, ঝাউচর, হাজারীবাগ, ঝিগাতলা, টিকাটুলি, পশ্চিম নন্দীপাড়া, উত্তর মান্ডা, কাজীরগাঁও, কুতুবখালী, মেরাজনগর ও জিয়া সরণি এলাকায় আরও ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অন্যান্য এলাকাসহ ১০টি অভিযানে ৫৩৮টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৩টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১৩ মামলায় ২ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা করা হয়।
আজিমপুর কবরস্থানে বিশেষ পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রম বুধবার আজিমপুর কবরস্থানসহ করপোরেশনের নিয়ন্ত্রণাধীন তিন কবরস্থানে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। কবরস্থানের ভেতরে সব রকম আগাছাসহ ময়লা-আবর্জনা পরিষ্কার ও মশকনিধনে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়। অঞ্চল-৩-এর ১২টি ওয়ার্ডের ৯৫০ জন পরিচ্ছন্নতাকর্মী ও শতাধিক মশককর্মী বিশেষ এই কার্যক্রমে অংশ নেন।
এ ছাড়াও খিলগাঁও ও জুরাইন কবরস্থানে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রম পরিচালনা করা হয়। সেসব কবরস্থানে শতাধিক পরিচ্ছন্নতাকর্মী ও মশককর্মী অংশ নেন।
বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রমে অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীর, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোয়ে মেন জো, ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মাহবুবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।