× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আনসার আল ইসলামের সঙ্গে চুক্তি করেছিল শারক্বিয়া: র‍্যাব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৩ ১৫:১৫ পিএম

আপডেট : ২৪ জুলাই ২০২৩ ১৫:৩৭ পিএম

আনসার আল ইসলামের সঙ্গে চুক্তি করেছিল শারক্বিয়া: র‍্যাব

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে পারস্পরিক সহযোগিতার আনুষ্ঠানিক চুক্তি করেছিল নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া। গত বছর করা ওই চুক্তি অনুযায়ী, শারক্বিয়ার সদস্যদের আইটি ও নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণের দায়িত্ব নেয় আনসার আল ইসলাম। বিনিময়ে আনসার আল ইসলামের সদস্যদের পার্বত্য অঞ্চলে প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহের কথা দেয় শারক্বিয়া।

শারক্বিয়ার আমিরসহ তিন সদস্যকে গ্রেপ্তারের পর সোমবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কাওরান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

এর আগে আজ ভোরে মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি বাড়িতে যৌথ অভিযান চালিয়ে জঙ্গি সংগঠনটির আমির মো. আনিসুর রহমান ওরফে মাহমুদকে গ্রেপ্তার করে র‍্যাব সদর দপ্তর ও র‍্যাব-১০ এর একটি দল। এ সময় গ্রেপ্তার হন আরও দুইজন। তারা হলেন কাজী সরাজ উদ্দিন ওরফে সিরাজ ও মাহফুজুর রহমান বিজয় ওরফে বাবুল ওরফে জাম্বুলিক। অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী বই ও নগদ টাকা উদ্ধার করা হয় বলে জানায় র‍্যাব।

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘২০২২ সালে কিশোরগঞ্জে এক বৈঠকে শারক্বিয়ার আমির আনিসুর রহমান আনসার আল ইসলামের নেতাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। পরে আনসার আল ইসলাম শারক্বিয়াকে ১৫ লাখ টাকাও দেয়। চুক্তি অনুযায়ী, শারক্বিয়ার সদস্যদের আইটি ও নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণের দায়িত্ব নেয় আনসার আল ইসলাম। আর এর বিনিময়ে আনসার আল ইসলামের সদস্যদের পার্বত্য অঞ্চলে প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ কথা দেয় শারক্বিয়া।’

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ‘আমিরের ইচ্ছা ছিল এই সংগঠনকে বাংলাদেশের একটি প্রযুক্তি ও সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত সংগঠনে পরিণত করবে। যেই সংগঠনকে বিশ্বের সবাই প্রশিক্ষিত সংগঠন হিসেবে চিনবে।’

তিনি আরও বলেন, ‘এই সংগঠনের (শারক্বিয়া) আমিরের দায়িত্বে এক সময় ছিলেন রক্সি। তিনি গ্রেপ্তার হওয়ার পর সংগঠনের অন্যান্য সূরা সদস্য ও সদস্যদের সিদ্ধান্তে আনিসুরকে আমির নির্বাচন করা হয়। তার সঙ্গে অবসরপ্রাপ্ত মেজর জিয়া ও আনসার আল ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে সম্পর্ক ছিল।’

মঈন বলেন, ‘এই সংগঠনের পাহাড়ি এলাকার ক্যাম্পে বিভিন্ন জঙ্গি সংগঠনের শীর্ষ নেতাদের যাতায়াত ছিল। অবসরপ্রাপ্ত মেজর জিয়া ২০২০ সালেও পাহাড়ে ফীল হিন্দালের ক্যাম্পে গিয়েছিলেন। সেখানে আনিসুর রহমান মাহমুদের সঙ্গে তিনি বৈঠকও করেছেন।’

তিনি বলেন, ‘এই সংগঠনের আমির কুমিল্লা থেকে ৫০ লাখ টাকার সম্পদ বিক্রি করেন। কিছু টাকা দিয়ে তিনি বান্দরবানে তিন বিঘা সম্পত্তি কেনেন, বাকি টাকা দেন জঙ্গি সংগঠনে।’

শারক্বিয়ার আমির আনিসুর সামরিক প্রশিক্ষণ নিয়েছেন জানিয়ে র‍্যাব কমান্ডার বলেন, ‘২০২০ সালে বান্দরবানের গহীন এলাকায় তিনি এক মাসের সামরিক প্রশিক্ষণ নিয়েছেন। এই প্রশিক্ষণে আসলাম নামের এক ব্যক্তি সহায়তা করেন। প্রতিকূল পরিবেশে কীভাবে বেঁচে থাকতে হয় তাও জানেন মাহমুদ।’

গ্রেপ্তার সিরাজ আমিরের দেহরক্ষী হিসেবে কাজ করতেন জানিয়ে মঈন বলেন, ‘২০০৪ সালে হুজিতে যোগ দেন। হুজির কার্যক্রম স্তিমিত দেখে ২০১৪ সালে তিনি আনসার আল ইসলামে যুক্ত হন। ২০১৮ সালে তিনি এই সংগঠনে যোগদান করেন। তিনি পলিটেকনিক থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। সংগঠনে ইঞ্জিনিয়ার নামেও তিনি পরিচিত। তার মাধ্যমে বেশ কয়েকজন সংগঠনে এসেছেন।’

অপর গ্রেপ্তার মাহফুজুর রহমানের বিষয়ে র‍্যাব কর্মকর্তা বলেন, ‘একটি মাদ্রাসায় পড়াশোনা করেছেন তিনি। সিলেটের যারা এই সংগঠনে যুক্ত হয়েছেন তাদের সবাইকে মাহফুজ নিয়ে এসেছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা