প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২২ ২০:৪৫ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২২ ২০:৫৯ পিএম
জাতীয় গ্রিডে বিপর্যয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ না থাকায় পূজামণ্ডপগুলোতে বাড়তি সতর্কতা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি থেকে বলা হয়েছে, রাজধানীর যেসব মণ্ডপে জেনারেটর নেই, সেখানে জেনারেটরের ব্যবস্থা করা হবে। পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করা হবে। মণ্ডপ মনিটরিংয়ের জন্য সিসিটিভি ক্যামেরা সচল রাখতে বিকল্প ব্যবস্থা করতে বলা হয়েছে। এ ছাড়াও পেশাদার পোশাক ও সাদা পোশাকে সার্বক্ষণিক টহল ও নজরদারি বাড়াতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছে ডিএমপি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এ কে এম হাফিজ আক্তার সাংবাদিকদের বলেন, একটা অনাকাঙ্ক্ষিত বিপর্যয়ের কারণে বিদ্যুতের সমস্যা হয়েছে। সেটা স্বাভাবিক হতে সময় লাগবে বলে আমরা জেনেছি। এদিকে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গা পূজায় নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, পূজামণ্ডপের ভেতরে বাইরে ও আশপাশে সার্বক্ষণিক টহল, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি রাখতে বলা হয়েছে। ডিএমপির প্রত্যেকটি থানা, ডিবি ও প্রত্যেকটি ক্রাইম ডিভিশনকে ইতোমধ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে যেসব এলাকায় পূজামণ্ডপ বেশি এবং বড় বড় মণ্ডপ রয়েছে, সেখানে বেশিসংখ্যক পুলিশের উপস্থিতি ও নজরদারি রাখতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, মণ্ডপগুলোতে পর্যাপ্ত আলো বাড়াতে জেনারেটরের ব্যবস্থা করতে কমিটিকে অনুরোধ করেছি।
পুলিশের পাশাপাশি র্যাবও তাদের নিরাপত্তা জোরদার করতে ব্যাটালিয়নগুলোকে নির্দেশনা দিয়েছে বলে জানা গেছে।
বিশেষ করে যেসব এলাকায় পূজামণ্ডপ রয়েছে সেসব এলাকায় র্যাবের টহল বাড়াতে বলা হয়েছে। পেশাদার পোশাক ও সাদা পোশাকে র্যাব সদস্যদের নজরদারি বাড়াতে বলা হয়েছে।
গোযেন্দা পুলিশের একাধিক কর্মকর্তা জানান, পূজামণ্ডপের নিরাপত্তার বিষয়ে গোয়েন্দা পুলিশ শুরুর দিন থেকেই কাজ করছে। আজ বিদ্যুৎ বিপর্যয়ের কারণে কেউ যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য ডিএমপির নির্দেশনা অনুযায়ী গোয়েন্দা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পূজামণ্ডপের আশপাশে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে৷
প্রবা/আরএম/টিই