প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩ ১২:৫২ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩ ১৩:০৭ পিএম
দলের কর্মসূচির প্রচার চালাতে ঢাকায় মাইকিং করার অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করেছিল বিএনপি। তবে দলটি মাইকিং করার অনুমতি পায়নি।
জনসাধারণের বিরক্তি ও শব্দদূষণ রোধে এ অনুমতি দেয়নি ডিএমপি। গতকাল শনিবার (১৫ জুলাই) বিএনপিকে দেওয়া ডিএমপির এক চিঠিতে মাইকিং করা থেকে বিরত থাকতে বলা হয়।
দলটির পক্ষে এই আবেদন করেছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও দপ্তরের চলতি দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু। তিনি নিজেই প্রতিদিনের বাংলাদেশকে ডিএমপির চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাইকিং করতে এক আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার ডিএমপির পক্ষ থেকে এ কথা বলা হয়। জনসাধারণের বিরক্তি ও শব্দদূষণ রোধে এ ব্যবস্থা নিয়েছে ডিএমপি।
তবে এ ব্যাপারে কথা বলতে আজ বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ডিএমপি কার্যালয়ে গেছেন বলেও জানান সাইদুর রহমান মিন্টু।
সরকার পতনের ‘এক দফা’ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ কর্মসূচির অংশ হিসেবে ১৮ জুলাই ঢাকা মহানগরসহ সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে এবং ১৯ জুলাই ঢাকায় পদযাত্রা কর্মসূচি পালন করবে দলটি। এর প্রচার চালাতে আজ ১৬ জুলাই ও আগামীকাল ১৭ জুলাই ঢাকা মহানগরে মাইকিং করার অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করেছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
চিঠির জবাবে শনিবার ডিএমপির দেওয়া এক চিঠিতে বলা হয়, ‘ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ ১৯৭৬-এর ৩১ বিধি অনুযায়ী মহানগরীর জনসাধারণের বিরক্তিসহ শব্দদূষণ রোধকল্পে মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোনো শব্দ জোরদার করার জন্য ব্যবহৃত যন্ত্র (মাইকিং) নিষিদ্ধ, সীমিত ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা ডিএমপি কমিশনারের রয়েছে। উক্ত বিধি অনুযায়ী, জনসাধারণের বিরক্তিসহ শব্দদূষণ রোধকল্পে মাইকিং করা হতে বিরত থাকার জন্য বলা হলো।’