প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ২২:৩৭ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৩ ১১:৫৩ এএম
রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ’ শীর্ষক নাগরিক সংলাপে অতিথিরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের ইশতেহারে তামাকপণ্য বর্জনের বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে নির্বাচনী প্রচার ও কার্যক্রমে যেন তামাকপণ্য বর্জন করা হয়, সেই প্রতিশ্রুতিও জাতিকে দিতে হবে বলে দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও উন্নয়ন সমন্বয়ের সভাপতি ড. আতিউর রহমান।
বৃহস্পতিবার (১৩ জুলাই) রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ’ শীর্ষক নাগরিক সংলাপে স্বাগত বক্তব্যে তিনি এই দাবি জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলা একাডেমির সভাপতি ও বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো ড. এসএম জুলফিকার আলী, রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান ড. মো. আব্দুর রাজ্জাক, বিআইআইএসএসের রিসার্স ডিরেক্টর ড. মাহফুজ কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মুহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী ও সহযোগী অধ্যাপক সৈয়দ নঈমুল ওয়াদুদ, সেন্টার ফর পলিসি ডায়ালগের রিসার্চ ফেলো সৈয়দ ইউসুফ সাদাত, ভিত্তি স্থপতিবৃন্দ লিমিটেডের পরিচালক স্থপতি ইকবাল হাবিব, শ্যামল বাংলা মিডিয়া লিমিটেডের প্রধান সম্পাদক ড. আবদুল হাই সিদ্দিক, উন্নয়ন সমন্বয়ের ইমেরিটাস ফেলো খন্দকার সাখাওয়াত আলী, বাংলাদেশ মহিলা পরিষদের স্বাস্থ্যবিষয়ক সাবকমিটির সদস্য ডা. রোকেয়া খাতুন রেখা, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক আবু জাফর আহমেদ মুকুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ট্রেজারার খাইরুজ্জামান কামাল প্রমুখ।
আতিউর রহমান বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সব দলই যেন নিজেদের ইশতেহারে তামাকপণ্য বর্জনের বিষয়টি অন্তর্ভুক্ত করে। এতে দলগুলোর জনসমর্থন বাড়বে। জাতিও তামাকের বিষ থেকে মুক্তি পাবে। কেননা নির্বাচনে প্রচুর পরিমাণ তামাকপণ্য সরবরাহ করা হয়ে থাকে। আগামী দিনে তার বিকল্প হিসেবে শুকনা খাবার বা অন্যকিছু দেওয়া যেতে পারে।
সেলিনা হোসেন বলেন, ‘আমাদের প্রজন্মকে আগামীর জন্য তৈরি করতে হবে। কোনোভাবেই তামাকসহ নেশাজাতীয় পণ্যে আক্রান্ত হওয়ার সুযোগ দেওয়া যাবে না ‘