প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩ ১৫:০৪ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩ ১৫:১৫ পিএম
মিরপুর ডেন্টাল কলেজের সামনে ও ভাসানটেক এলাকার টিনশেড কলোনিতে শনিবার গণসংযোগ করেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। প্রবা ফটো
টানা চতুর্থ দিনের মতো নির্বাচনী প্রচার চালিয়েছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। এ সময় তিনি যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও নির্বাচনী এলাকার ছিন্নমূল মানুষকে পুনর্বাসন করাসহ নানা প্রতিশ্রুতি দেন। আরাফাত বলেন, ‘আমি সংসদ সদস্য নয়, আপনাদের সেবক হতে চাই।’
শনিবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে মিরপুর ডেন্টাল কলেজের সামনে ও ভাসানটেক এলাকার টিনশেড কলোনিতে গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ এ আরাফাত বলেন, ‘১৭ তারিখ সবাইকে নিয়ে ভোটকেন্দ্রে যাব। নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাত শক্তিশালী করব। আমি নির্বাচিত হলে এ এলাকার ছিন্নমূল মানুষকে পুনর্বাসন করব।’
তিনি বলেন, ‘এ এলাকার সড়ক, ড্রেনেজ ব্যবস্থাসহ কিছু সমস্যা রয়েছে। নির্বাচিত হলে এসব সমস্যার সমাধান করব। আমি আপনাদের সহযোগিতা চাই।’
এ সময় তার সঙ্গে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি এবং স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।