আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩ ১৮:০০ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩ ১৮:২৯ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকার আশুলিয়ায় কাস্টমারের সিরিয়াল ভেঙে, শেভ না করায় বাবুল চন্দ্র শীল নামের এক নরসুন্দরকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা শহিদ ওরফে ডনের বিরুদ্ধে। এ সময় নরসুন্দরকে বাঁচাতে তার ছেলে বাদল চন্দ্র শীল এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এ সময় ওই আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীরা সেলুনে ভাঙচুর চালিয়ে ক্যাশবাক্সে থাকা ৩৬ হাজার টাকা লুটে নেয় বলেও অভিযোগ করা হয়।
বুধবার (৫ জুলাই) দুপুরে শহিদ ওরফে ডনকে প্রধান আসামি করে আশুলিয়া থানায় মামলা করনে ওই সেলুন ব্যবসায়ী। এর আগের দিন মঙ্গলবার রাত ৯টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের টেঙ্গুরী এলাকায় এতিম মার্কেটের বাদল হেয়ার কাটিংয়ে এ ঘটনা ঘটে।
মামলার আসামিরা হলেন, ঢাকার আশুলিয়ার টেঙ্গুরী কোনাপাড়া এলাকার বাসিন্দা ও শিমুলিয়া ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ ওরফে ডন, একই এলাকার মৃত ছলিম উদ্দিনের ছেলে আশরাফ ও জয়নাল আবেদীনের ছেলে হিমেল।
আহতরা হলেন কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার নলেয়া গ্রামের মৃত শ্রী কৃষ্ণ লাল শীলের ছেলে বাবুল চন্দ্র শীল ও তার একমাত্র ছেলে বাদল চন্দ্র শীল।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম মামলার বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার বরাতে তিনি বলেন, সেলুন মালিক বাবুল অন্য একজনের চুল কাটছিলেন। তখন তার চুল কাটা শেষ না করেই শহিদ তার দাড়ি শেভ করতে বলেন। বাবুল ১০ মিনিট দেরি হবে বলায় তার ওপর চড়াও হন শহিদ। এ সময় শহিদ জুতা দিয়ে পেটান সেলুন মালিককে। বাবুলের ছেলে তার বাবাকে বাঁচাতে আসল শহিদ এবং তার সহযোগীরা তাকেও মারধর করে। পরে বাবুলের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও ক্যাশবাক্স থেকে ৩৬ হাজার টাকা লুট করে নেয়।
শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাকিবুল ইসলাম বাবুল বলেন, শহিদ শিমুলিয়া ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। প্রাথমিকভাবে ঘটনাটি শুনেছি। তবে অভিযোগ পেলে বা ঘটনা বিশ্লেষণ করে সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এসআই জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগীকে মারধর ও দোকানপাট ভাঙচুরের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।