প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩ ১৮:৪২ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩ ১৯:৩৩ পিএম
কবি আফতাব আহমেদ। ফাইল ছবি
রাজধানীর বনানী কবরস্থানে সাবেক অতিরিক্ত সচিব ও কবি আফতাব আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (৩ জুন) সন্ধ্যায় বনানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।
কবির পরিবারের সদস্যরা জানান, হাসপাতাল থেকে আফতাব আহমেদের মরদেহ জানাজার জন্য নিয়ে যাওয়া হয় অ্যাকাউটেন্ট জেনারেলের কার্যালয়ে৷ পরে বাদ আসর গুলশান কেন্দ্রীয় জামে মসজিদে (আজাদ মসজিদ) তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়৷ তার পরিবারের সদস্য ছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকে জানাজায় অংশ নেন। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
পরিবার আরও জানান, ৬৩ বছর বয়সী কবি আফতাব আহমেদ দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী ছিলেন৷ করোনায় আক্রান্ত হওয়ার পর তার হৃদপিণ্ডের কার্যকারিতা ধীরে ধীরে কমে যায়৷ চলতি বছর বেশ কয়েকবার স্ট্রোক করার পর তিনি প্যারালাইজড হয়ে যান।
১৯৬০ সালের অক্টোবরে নরসিংদীর মনোহরদী উপজেলায় জন্ম নেন আফতাব আহমেদ৷ তার মা চলচ্চিত্র অভিনেত্রী আয়েশা আখতার। আফতাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন। ১৯৮৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) নীরিক্ষা ও হিসাব ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগ দেন। পরে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসাবে কর্মরত অবস্থায় অবসরে যান৷ অবসর জীবনে কবিতা লেখায় মনোনিবেশ করেছিলেন আফতাব আহমেদ। গত ২০২৩ সালের অমর একুশে বইমেলায় তার কবিতার বই ‘মেজারিং ডন’ প্রকাশ করে জার্নিম্যান বুকস।
২০১৯ সালে তিনি জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খানকে বিয়ে করেন আফতাব আহমেদ৷ গুলতেকিনের মতো আফতাবও দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন৷