জলাবদ্ধতা ও ডেঙ্গু পরিস্থিতি
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩ ১৯:১২ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩ ১৯:৩৫ পিএম
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার স্বার্থে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট বিভাগ/শাখাগুলোর সব পর্যায়ের কর্মকর্তা/কর্মচারী ও মাস্টাররোল শ্রমিকদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ছুটি বাতিল করা হয়েছে।
সোমবার (৩ জুলাই) দুপুরে নগরভবনে এক জরুরি সভায় নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংস্থাটির সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।
ওই সভায় ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ডেঙ্গু যাতে কোনভাবে শহরে ছড়িয়ে না পরে তাই সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি। জমে থাকা পানিতে এডিসের জন্ম হয়। বাসার ভেতরে, ছাদে ও বারান্দায় কোথাও কোনো পাত্রে যেন পানি না জমে সেটি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, টানা ভারী বৃষ্টির কারণে শহরে অনেক জায়গায় পানি জমে। দ্রুত সময়ে জলাবদ্ধতা নিরসন করে জনগণকে স্বস্তি দিতে কর্মীদের সার্বক্ষণিক মাঠে থাকার নির্দেশ দিয়েছি। সংশ্লিষ্ট সবার ছুটি বাতিল করা হয়েছে। নগরবাসীর প্রতি অনুরোধ পলিথিনসহ অন্যান্য জিনিসপত্র ড্রেনে ফেলবেন না। এগুলো ড্রেনে ফেলায় ব্লক হয়ে পানির প্রবাহে বাধা সৃষ্টি হয়। সবাই সচেতন হলে কাজটা আমাদের কর্মীদের জন্য সহজ হয়ে যায়।