প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৩ ১৯:২০ পিএম
ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। ছবি: সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) সৈয়দ আবু হোসেন বাবলা। শুক্রবার (৩০ জুন) রাজধানীর পোস্তগোলায় এ দুর্ঘটনা ঘটে। বাবলার প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুজন দে এ তথ্য জানিয়েছেন।
সুজন দে জানান, শুক্রবার নিজ নির্বাচনী এলাকা কদমতলী থেকে জুমার নামাজ আদায় ও এলাকাবাসীর মধ্যে কুরবানির মাংস বিতরণ করে গুলশানের বাসভবনে ফেরার পথে শ্যামপুরের পোস্তগোলায় উল্টো দিকে থেকে আসা একটি পিকআপ বাবলার গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় বাবলা ডান হাত ও ঘাড়ে মারাত্মক আঘাত পান।
এ সময় তার গাড়ি বহরে থাকা দলীয় নেতাকর্মীরা বাবলাকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে নিয়ে যান।
তাৎক্ষণিক আবু হোসেন বাবলাকে হাসপাতালে দেখতে যান ঢাকা-৫ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুসহ স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীরা।
সুজন দে আরও বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে এমপি বাবলাকে সাত দিন বিশ্রামে থাকার পর্রামশ দিয়েছেন চিকিৎসকরা।
এ দিকে বাবলার গাড়িকে ধাক্কা দেওয়া গাড়ির চালক ও হেলপারকে সিরাজদিখান থেকে আটক করেছে শ্যামপুর থানা-পুলিশ। তারা দুজন মদ্যপান অবস্থায় ছিলেন বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।