প্রবা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২২ ১৮:৪৭ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২ ১৯:২১ পিএম
জাতীয় গৃহকর্মী সম্মেলনে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। ছবি : প্রবা
গৃহকর্মীদের অধিকার ও মর্যাদা সুরক্ষা এবং শ্রম আইনে তাদের অন্তর্ভুক্তির দাবি নিয়ে জাতীয় গৃহকর্মী সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সুনীতি প্রকল্পের সহযোগী প্রতিষ্ঠান অক্সফ্যাম ইন বাংলাদেশ, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিল্স, দুস্থ স্বাস্থ্যকেন্দ্র, হ্যালোটাস্ক, কর্মজীবী নারী, নারী মৈত্রী, রেড অরেঞ্জ ও ইউসেপ বাংলাদেশের সহযোগিতায় সম্মেলনটি আয়োজন করে গণসাক্ষরতা অভিযান।
সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থা, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বিশেষ করে সাত শতাধিক গৃহশ্রমিক, মানবাধিকার সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন।
বক্তারা গৃহকর্মীদের প্রতি মানবিক আচরণ এবং তাদের ন্যায্য দাবির প্রতি সহমত পোষণ করে তাদের শ্রম আইনে অন্তর্ভুক্তিকরণ, সরকারি ব্যবস্থাপনায় আবাসস্থল নির্মাণ, গৃহকর্মী নির্যাতনের প্রতিবাদ, আইনি সহায়তা ও ন্যায়বিচারসহ শোভন কাজ নিশ্চিত করার আহ্বান জানান।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. মুজিবুল হক এবং শ্রম ও কর্মসংস্থান সচিব মো. এহছানে এলাহী।
সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী।
আরও বক্তব্য দেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত সমন্বয়কারী আবুল হোসাইন, অক্সফ্যাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশীষ দামলেসহ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, ট্রেড ইউনিয়ন ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ, নিয়োগকারী ও গৃহশ্রমিক প্রতিনিধিবৃন্দ।
প্রবা/আরএম/ এমআই