প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২২ ১৪:৩৫ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২ ২১:০১ পিএম
পুলিশ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিদায়ি আইজিপি ড. বেনজীর আহমেদ। ছবি : প্রবা
পুলিশের বিদায়ি আইজি ড. বেনজীর আহমেদ বলেছেন, দেশে এক ধরনের নষ্ট রাজনীতির দুষ্টচর্চা ছিল, এখনও আছে। একশ্রেণির মানুষের নষ্ট রাজনীতির দুষ্টচর্চায় যারা আমাকে অন্যায় ও অযৌক্তিকভাবে তাদের বিপক্ষে আবিষ্কার করেছেন; তাদের প্রতিও আজ আমার কোনো অভিযোগ বা অনুযোগ নেই। তারাও ভালো থাকবেন, সে প্রত্যাশা করব।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, সবাই মিলেই বাংলাদেশ। আমার, আমাদের এই ভালোবাসার বাংলাদেশ। সবাইকে মিলিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। একটি কল্যাণমূলক রাষ্ট্র বাস্তবায়নের জন্য আমরা সবাই হাতে হাত মিলিয়ে যে যেখানে আছি, সেখানে থেকেই দায়িত্ব পালন করব।
বেনজীর আহমেদ বলেন, নানা প্রতিবন্ধকতা পার করে আজকে বাংলাদেশ এ পর্যায়ে এসেছে। ১৮ ডলার রিজার্ভ থেকে ৪৯ বিলিয়ন ডলার রিজার্ভে এসে পৌঁছেছে। প্রায় ৩ হাজার ডলারের মাথাপিছু আয়ে পৌঁছেছে। এই সময়ে নানা দারিদ্র্য, অসুখ-বিসুখ, নানা বঞ্চনা দেখেছে এবং রাজনীতির অনেক ধরনের খেলা হয়েছে।
ড. বেনজীর আহমেদ বলেন, ৩৪ বছর ৫ মাস ১৬ দিন বাংলাদেশ পুলিশে কাজ করেছি। এর মধ্যে তিনটি গুরুত্বপুর্ণ পদে ১২ বছর ঢাকায় দায়িত্ব পালন করেছি। ১২ বছরের পথচলায় অনেক প্রতিবন্ধকতা অতিক্রম করেছি। এ দেশের নাগরিকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি বলেন, আমি এই সময়ে যা কিছু অর্জন করেছি, তার সবকিছুই বাংলাদেশের সরকার, প্রধানমন্ত্রী ও জনগণকেই দিতে চাই। আর যা কিছু করতে পারিনি এর দায়ভার আমার নিজেরই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদ্যবিদায়ি মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক, ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান।
প্রবা/আরএম/ এমআই