প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৩ ২১:১৫ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩ ২১:৩০ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে পর এবার কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে ‘চিকিৎসা অবহেলায়’ পূরবী ঘোষ নামে এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারী পায়ে অপারেশন করেন ডাক্তার শাহিদুর রহমান। এ ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার (২১ জুন) সকালে ওই নারী চিকিসাধীন অবস্থায় মারা যান।
চিকিৎসার অবহেলার অভিযোগ তুলে নিহতের ছেলে সৌমিত্র ঘোষ ইমন জানান, গত ১০ জুন বাসার বাথরুমে তার মা পড়ে যান। ফলে তার পায়ে একাধিক ফাটল দেখা দেয়। পরে চিকিৎসকের কাছে গেলে তার অপারেশনের পরামর্শ দেওয়া হয়। গত ১৩ জুন কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে পায়ের অপারেশনও হয়। কিন্তু অপারেশনের একদিন পর থেকে তার মায়ের অবস্থা খারাপ হতে শুরু করে। তারা বিষয়টি হাসপাতালের চিকিৎসকদের জানালেও তারা কোন গুরুত্ব দেননি। দেখবে, দেখছে বলে আশ্বস্ত করার চেষ্টা করেন। পরে আজ আমার মা মারা যান।
হাসপাতালের পরিচালক (মেডিকেল সার্ভিসেস) বিগ্রেডিয়ার জেনারেল (অব) মো. পারভেজ কবির বলেন, নিহত ওই নারী পুরনো ব্রেন স্টোকসহ বেশ কিছু শারীরিক জটিলতা ছিল। তবে মৃত্যুর কারণ তদন্ত শেষে বলা যাবে। এই রোগীর সংশ্লিষ্ট সব ডাক্তার ও নার্সদের তদন্তের মুখোমুখি করা হবে। কারও দায় পেলে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, রোগীর মৃত্যুর কারণ জানতে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রফেসর মো. ইদ্রিস আলীকে। এ ছাড়া মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার এ কে এম মাজহারুল ইসলাম, প্রফেসর সিরাজুল ইসলাম ও সিনিয়র সহকারী ম্যানেজার (এডমিন) মুহাম্মদ হাছানকে সদস্য করা হয়েছে। তারা আগামী দুই কর্ম দিবসের মধ্যে তদন্ত করে কারো অবহেলার বিষয় থাকলে সেটি খতিয়ে দেখবেন।