নবজাতক-মায়ের মৃত্যু
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৩ ১৪:৩৩ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৩ ১৬:০৪ পিএম
নবজাতক ও মা মাহবুবা রহমান আঁখির মৃত্যুর ঘটনায় চিকিৎসায় নিজেদের গাফিলতির কথা স্বীকার করেছে রাজধানীর সেন্ট্রাল হসপিটাল কর্তৃপক্ষ। একই সঙ্গে এ ঘটনায় দুঃখ প্রকাশও করেছে কর্তৃপক্ষ।
সোমবার (১৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে সেন্ট্রাল হসপিটালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাসপাতালটির সিনিয়র ডেপুটি ডিরেক্টর ডা. এটিএম নজরুল ইসলাম বলেন, ‘আঁখির চিকিৎসায় হাসপাতালের অবশ্যই গাফিলতি ছিল। গাফিলতি ছিল প্রথমত ডা. সংযুক্তা সাহার, তারপর ওটির চিকিৎসকদের। কারণ সে সময় তারা সিনিয়র ডাক্তারদের ডাকেননি।’
এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে নজরুল ইসলাম জানান, ‘সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন আসার কথা। ইতোমধ্যে পাঁচ দিন চলে গেছে, আর বাকি আছে দুই দিন। এ সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা সম্ভব হবে। তদন্ত প্রতিবেদনের রিপোর্ট এলেই অ্যাকশনে যাওয়া হবে।’
গত ১৪ জুন ভুল চিকিৎসায় সেন্ট্রাল হাসপাতালে মারা যায় মাহবুবা রহমান আঁখির নবজাতক সন্তান। চিকিৎসায় মৃত্যুঝুঁকিতে পড়া আখিও চার দিন পর গতকাল রবিবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান।
নবজাতকের মৃত্যুর পর গ্রেপ্তার দুই চিকিৎসক শাহজাদী ও মুন্না ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা কারাগারে রয়েছেন।