প্রবা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৪:০৩ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৪:১৬ পিএম
রাজধানী ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী নবম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ)। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) থেকে ইন্টারন্যাশনাল কনভেশন সিটি বসুন্ধরায় এ মেলা শুরু হবে, চলবে ১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ মেলা চলবে। এতে মোট ৮টি দেশ অংশ নেবে।
বাংলাদেশসহ নেপাল, থাইল্যান্ড, ভারত, ভুটান, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও লিথুনিয়ার প্রায় ১৩০টি বিভিন্ন পর্যটন সংস্থা অংশ নেবে। যার মধ্যে ৫০টির অধিক বিদেশি প্রতিষ্ঠান রয়েছে। মেলায় থাকবে আসন্ন পর্যটন মৌসুমে দেশ ও বিদেশে বেড়ানোর বিভিন্ন ভ্রমণ অফার, হোটেল, রিসোর্ট বা প্যাকেজ বুকিংসহ বিশেষ ছাড়ের ব্যবস্থা। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হোটেল, মোটেল, রিসোর্ট, এয়ারলাইন্স, ট্যুর অপারেটর ও থিমপার্কসহ বিনোদনের আরও অনেক প্রতিষ্ঠান।
মেলার প্রবেশ মূল্য ৩০ টাকা। র্যাফেল ড্র বিজয়ীদের জন্য থাকবে এয়ারলাইন্স টিকিটসহ বেড়ানোর আকর্ষণীয় গিফট ভাউচার। এ ছাড়া প্রতিটি টিকিটেই থাকবে মেলার এন্টারটেইনমেন্ট পার্টনার-ফ্যান্টাসি কিংডমে প্রবেশে ৫০ শতাংশ ছাড়।
প্রবা/জিকে/এমজে